১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাটব্যাগ ভর্তুকি মূল্যে সরবরাহ করা হবে: রিজওয়ানা

“অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে,” বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2025, 03:17 PM

Updated : 10 Sep 2026, 12:39 PM

পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে পাটব্যাগ ভর্তুকি মূল্যে বাজারে সরবরাহ করার ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, “পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে সাধারণ মানুষের মাঝে পাটের ব্যাগ সরবরাহ করা হবে। ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ দেওয়ার জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

“এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে।”

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, “পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।”

উপদেষ্টা বলেন, “প্লাস্টিক দূষণ রোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে। 

“প্লাস্টিকের বিকল্প নেই- এই ধারণা ঠিক নয়। সরকারের সব উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও শব্দদূষণমুক্ত ক্যাম্পাস ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানান উপদেষ্টা রিজওয়ানা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ সচিব ফারহিনা আহমেদ; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক কামরুজ্জামান, ঢাকা নরওয়েজিয়ান দূতাবাসের উপ-মিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ।