১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাতে বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, সকালে লাশ মিলল ধানক্ষেতে

টাঙ্গাইলের সখীপুরে উপজেলার ঘোনারচালা গ্রামের ওই নারী সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘরের বাহিরে যান।

রাতে বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, সকালে লাশ মিলল ধানক্ষেতে
টাঙ্গাইলের সখীপুরে স্থানীয়রা ধানক্ষেতে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2025, 05:23 PM

Updated : 26 Aug 2026, 12:32 PM

টাঙ্গাইলের সখীপুরে ধানক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী রাতে সৌদি আরব প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলতে বলতে ঘর থেকে বের হয়েছিলেন। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ঘোনারচালা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান।

নিহত ৪৫ বছর বয়সী গৃহবধূ আমেনা বেগম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী দুলাল হোসেনের স্ত্রী। 

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, বুধবার রাতে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বের হন আমেনা বেগম। দীর্ঘসময় পরও তিনি না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। 

পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। 

ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

“মরদেহের গলায় ক্ষত চিহ্ন রয়েছে। রাতের কোনো এক সময় তাকে গলায় ওড়না দিয়ে শ্বাসরোধে দুর্বৃত্তরা হত্যা করে থাকতে পারে। তাকে হত্যার পর দুর্বৃত্তরা পরনে থাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।”

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় নিহতের মেয়ে লিতু আক্তার বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।