২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে বুলবুল হত্যা: আরও দুই জনের জবানবন্দি

মহানগর হাকিম আদালতে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন ঘণ্টা তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

সিলেট ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2022, 09:21 PM

Updated : 28 Jul 2022, 10:23 PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বুলবুল হত্যা মামলায় আরও দুই আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট মহানগর হাকিম সুমন ভুঁইয়ার আদালতে জবানবন্দি দেন কামরুল আহমদ ও মো. হাসান।

মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার উপ-পরিদর্শক দেবাশিষ রায় জানান, বিকাল ৪টায় দুই আসামিকে আদালতে তোলা হয়; সন্ধ্যা ৭টা পর্যন্ত তারা জবানবন্দি দেন।

“প্রথমে মো. হাসান ও পরে কামরুল আহমদের জবানবন্দি রেকর্ড করেন বিচারক। তারা বুলবুল হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন।”

এর আগে বুধবার আবুল হোসেন নামের আরেক আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ নিয়ে এ মামলায় গ্রেপ্তার তিন আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের গাজীকালুর টিলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমদ নিহত হন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন সোমবার রাতে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

পরে ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত ছুরি ও খোয়া যাওয়া মোবাইল।

আরও পড়ুন:

পুরনো খবর:

শাবি শিক্ষার্থী বুলবুলের শরীরে ৩ আঘাতের চিহ্ন: চিকিৎসক
শাবিতে বুলবুল খুনের দুদিনের মাথায় আদালতে জবানবন্দি
বুলবুল হত্যার ঘটনায় শাবিতে ছাত্রলীগের শোক শোভাযাত্রা
বুলবুলের পরিবারকে ৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা, সহপাঠীদের বিক্ষোভ
শাবির বুলবুল হত্যার পেছনে ছিনতাই: পুলিশ
শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় আটক আরও ৩
শাবির বুলবুলের গ্রামের বাড়িতে শোকের মাতম
বুলবুলের খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’ শাবি শিক্ষার্থীদের
শাবি শিক্ষার্থী খুন: আশ্বাসে সড়ক ছাড়ল সহপাঠীরা, মামলা দায়ের
শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছুরিকাঘাতে নিহত
ক্যাম্পাসে খুন হওয়া বুলবুলের মরদেহ বাড়ির পথে