২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেলেন মুক্তি বর্মণের বড় বোন

জেলা প্রশাসক জানান, এই পরিবারে আরও পাঁচটি মেয়ে রয়েছে; তারা যেন পিছিয়ে না পড়ে সেজন্য প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি পেলেন মুক্তি বর্মণের বড় বোন

মুক্তি বর্মণের বোন নিপা বর্মণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আউটসোর্সিংয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2023, 08:07 PM

Updated : 09 May 2023, 08:41 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বখাটের হাতে খুন হওয়া স্কুলছাত্রী মুক্তি বর্মণের বড় বোনকে জেলা প্রশাসক কার্যালয়ে চাকরি দেওয়া হয়েছে।

নিপা বর্মণকে নেজারত শাখায় অস্থায়ী ভিত্তিতে আউটসোর্সিংয়ের কাজ দেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক অঞ্জনা খান।

মঙ্গলবার দুপুরে নিপা বর্মণ এবং তার বাবা-মাকে ডেকে চাকরির কথা জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, “মুক্তি রাণী বর্মণ লড়াকু মেয়ে ছিল। সে পড়ালেখার খরচ নিজেই চালাত। সামনে এগিয়ে চলার এবং জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু হত্যাকারী তার প্রচেষ্টা ব্যাহত করে। আমরা হত্যাকারীকে আইনের আওতায় নিয়েছি, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি।

“এই পরিবারে আরও পাঁচটি মেয়ে রয়েছে। তারা যেন পিছিয়ে না পড়ে, সঠিকভাবে পড়ালেখা করতে পারে এবং মানসিকভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে। নিপা বর্মণ ডিগ্রি পাস করেছে। তার জন্য আমরা জেলা প্রশাসকের কার্যালয়ের আউটসোর্সিংয়ে একটা চাকরির ব্যবস্থা করেছি।”

দুঃসময়ে পরিবারের পাশে দাঁড়ানোয় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান নিপা।

তিনি বলেন, “ছোট বোনদের পড়ালেখা অব্যাহত রাখতে চেষ্টা চালিয়ে যাব আমি।”

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অনিমেষ সোম, বারহাট্টার ইউএনও এস এম মাজহারুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন পন্ডিতসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ছুটির পর দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল মুক্তি। পথে একই গ্রামের মো. কাউছার মিয়া অতর্কিতে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকাল ৫টায় পথেই তার মৃত্যু হয়।

পরদিন বিকাল ৩টার ওই এলাকার একটি জঙ্গল থেকে জেলা ডিবি পুলিশের একটি টিম আসামি কাওসারকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতে জবানবন্দি দিলে বিচারক কাউসারকে জেলহাজতে পাঠান।

আরও পড়ুন:

বখাটের হাতে খুন হওয়া স্কুলছাত্রী মুক্তির বাড়িতে প্রতিমন্ত্রী

নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

নেত্রকোণায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: জঙ্গল থেকে আটক কাউছার

নেত্রকোণায় স্কুলছাত্রী মুক্তি রাণী হত্যায় মামলা দায়ের

স্কুলের পথ যেন বখাটেমুক্ত হয়, দাবি মুক্তি বর্মণের সহপাঠীদের

নেত্রকোণায় স্কুলছাত্রী মুক্তি হত্যায় কাউসারের জবানবন্দি