২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

ঘটনার পর থেকে হামলাকারী তরুণ পলাতক আছেন বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা

নেত্রকোণার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2023, 10:22 PM

Updated : 09 May 2023, 08:47 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তরুণের বিরুদ্ধে।

মঙ্গলবার উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামে দুপুর সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান। 

স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণ (১৬) ওই গ্রামের নিখিল চন্দ্র বর্মনের মেয়ে এবং প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মুক্তি বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের মো. কাউছার মিয়া (১৯) অতর্কিতে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইদুল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুক্তিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিকাল ৫টায় পথেই তার মৃত্যু হয়। 

ওসি খোকন কুমার বলেন, “হত্যায় জড়িত ব্যক্তিকে ধরতে অভিযান শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।“