২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: জঙ্গল থেকে আটক কাউছার

ওসি জানান, মামলা হলে কাউছারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নেত্রকোণায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: জঙ্গল থেকে আটক কাউছার

প্রেমনগর ছালিপুরা গ্রামের জঙ্গল থেকে কাউছার মিয়াকে আটক করে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2023, 05:22 PM

Updated : 09 May 2023, 08:45 PM

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় স্কুলছাত্রী মুক্তি রাণী বর্মণকে কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. কাউছার মিয়াকে আটক করেছে পুলিশ।

বুধবার বিকাল ৩টার দিকে বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রাম তাকে আটক করা হয় বলে জানান বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা।

তিনি বলেন, “কাউছারকে ধরতে পুলিশের একাধিক টিম অভিযান চালায়। পরে প্রেমনগর ছালিপুরা গ্রামের একটি জঙ্গল থেকে তাকে আটক করে জেলা পুলিশের সম্মিলিত একটি দল।”  

নিহত মুক্তি রাণী বর্মণ  (১৬) উপজেলার বাউসী ইউনিয়নের প্রেমনগর ছালিপুরা গ্রামের নিখিল বর্মণের মেয়ে ও প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার মুক্তি বিদ্যালয় ছুটির পর তার দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের শামছু মিয়ার ছেলে কাউছার (১৯) অতর্কিতে তার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হয় মুক্তি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মুক্তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল ৫টায় মুক্তির মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি জানিয়ে ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে কাউছারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

কাউছার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Image

মুক্তি হত্যার ঘটনায় কাউছার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারহাট্টায় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

এদিকে মুক্তি হত্যার ঘটনায় কাউছার মিয়ার গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বারহাট্টায় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার দুপুরে সদরের স্টেশন রোড সড়কে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, গোপালপুর বাজার বণিক সমিতির সম্পাদক আসমত আলী মোল্লা, নারী প্রগতি সংঘ বারহাট্টা শাখার ব্যবস্থাপক সুরজিৎ ভৌমিক, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমরান হাসান সাকিব। 

আরও পড়ুন

পুরানো খবর:

নেত্রকোণায় স্কুল থেকে ফেরার পথে ছাত্রীকে কুপিয়ে হত্যা