মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত
মনু ও ধলই নদীর পানি উজানে কিছুটা কমলেও মৌলভীবাজার শহরের বারইকোনায় রক্ষা বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। শহরে অনবরত পানি প্রবেশ করায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।
সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজার হাজার বানবাসী মানুষ। পানিতে ডুবে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুরো জেলায় পানিবন্দি হয়েছে প্রায় দুই লাখ মানুষ।
বাড়িঘর তলিয়ে যাওয়া পরিবারের সদস্যরা আশপাশের বাড়িঘর, পাকা বিদ্যালয় ভবনসহ বিভিন্ন ভবনে আশ্রয় নিচ্ছেন।
সেনাবাহিনী, বিজিবি, রেডক্রিসেন্ট, স্কাউট, বিএনসিসি ও আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী পার্থ বলেন, “এ বছর মনুর পানি অতীতের সকল রের্কড ভঙ্গ করেছে। তবে উজানের পানি আসা বন্ধ হয়ে গেলেই মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।”
মৌলভীবাজার জেলা প্রশাসক বলেন, সদর, কুলাউড়া, বড়লেখা, রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়েছে। অসাবধানতাবশত বানের পানিতে পড়ে গত কয়েকদিনে সাতজনের মৃত্যু হয়েছে। বন্যার্তদের জন্য ৪৪টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।
তিনি বলেন, মনু ও ধলই নদীর বিভিন্ন স্থানে ১৮টি বাঁধ ভেঙে পানির স্রোতে রাস্তা ডুবে ও ব্রিজ ভেঙ জেলা সদরের সঙ্গে সিলেটসহ কুলাউড়া, বড়লেখা, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে। চাতলাপুর স্থলবন্ধরের যোগাযোগও বন্ধ হয়ে পড়ে।
“৬০টির মতো আশ্রয় কেন্দ্রে সাড়ে ৬ হাজার বন্যা দুর্গত মানুষ আশ্রয় নিয়েছেন।”
এদিকে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান বলেন, চাল নয় এই মুহূর্তে প্রয়োজন শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল বলেন, উদ্ধার তৎপরতায় ও ত্রাণ সহায়তায় কাজ করছেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পাঁচ শতাধিক কর্মী।
বন্যাকবলিত এলাকায় ত্রাণমন্ত্রী
বন্যা পরিস্থিতি দেখতে এবং বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সোমবার মৌলভীবাজার গিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সকালে মন্ত্রী মৌলভীবাজার পৌঁছেই জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সার্কিট হাউজে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় যোগ দেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ২৪ ঘণ্টার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি জেলা প্রশাসনসমূহকে পূর্ণ প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেন।
হাওর ও নদনদী খনন এবং বাঁধ মেরামতেও সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী মায়া।
মন্ত্রণালয়ের সচিব শাহ কামালও মন্ত্রীর সঙ্গে ছিলেন।
জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাংসদ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, সাংসদ সৈয়দা সায়রা মহসিন, সাংসদ আব্দুল মতিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান প্রমুখ।
