মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় পঞ্চম দিনে উদ্ধারকারী জাহাজ হামজা একটি ট্রাক উদ্ধার করেছে।
Published : 21 Jan 2024, 02:24 PM
মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মা নদীতে ফেরি ডুবির ঘটনায় পঞ্চম দিনে আরও একটি ট্রাক উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।
রোববার দুপুরে ট্রাকটি উদ্ধার করা হয় বলে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার একটি ট্রাক ও একটি কভার্ড ভ্যান উদ্ধার করা গেলেও শুক্রবার আর শনিবার কোনো যানবাহন উদ্ধার করা যায়নি।
“শনিবার শনাক্ত করা ট্রাক আজ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নয়টি যানবাহনের মধ্যে চারটি উদ্ধার করা হলো।”
তিনি আরও বলেন, বাকি পাঁচটি ট্রাক উদ্ধারের কাজ করছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরিরা। আজ আরও একটি উদ্ধারকারী জাহাজ আসবে। সেটির পানির নিচে স্ক্যান করার সক্ষমতা রয়েছে।”
বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, “আজ একটিসহ মোট চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে। আশা রাখছি, প্রত্যয় আজ ডুবে যাওয়া ফেরিটি দৃশ্যমান করবে। ডুবন্ত ফেরিটি ৪০-৫০ ফুট পানির নীচে।
“তীব্র শীত আর কুয়াশার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। আশা করছি, আজ সন্ধ্যার আগে ডুবন্ত ফেরিটি দৃশ্যমান করতে পারবে প্রত্যয়।”
বুধবার সকাল ৮টার দিকে নয়টি যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের অদূরে ডুবে যায় রজনীগন্ধা-৭ নামে ফেরিটি। ফেরি ডোবার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ গঠিত দুটি তদন্ত কমিটি কাজ করছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রজনীগন্ধার দ্বিতীয় মাস্টার হুমায়ুন কবির। যদিও বিআইডব্লিউটিসির কর্মকর্তাদের ধারণা, তিনি ডুবে যাওয়া ফেরিতেই আটকে আছেন।
এদিকে, ফেরি ডুবির দিন বুধবার উদ্ধারকারী জাহাজ হামজা এসে একটি কভার্ড ভ্যান ও একটি ট্রাক উদ্ধার করে। পরের দিন আরেক উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে উদ্ধার করে তুলা নিয়ে ডুবে যাওয়া এক ট্রাক।
আরও পড়ুন:
পুরানো খবর:
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটিপুরানো খবর:
ফেরি ডুবি: কভার্ড ভ্যান তুলে আনল হামজাপুরানো খবর:
রজনীগন্ধা ডুবল কীভাবে?পুরানো খবর:
পাটুরিয়ায় ফেরি ডুবির তদন্তে দুই কমিটিপুরানো খবর:
‘ভোর থেকে পানি উঠছিল’ ফেরিতেপুরানো খবর:
পাটুরিয়ায় যানবাহন নিয়ে ডুবেছে ফেরি, নিখোঁজ ১