২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ানদের কুকুর ভোজন: গল্প নাকি সত্যি!

আমাদের কম বেশি সবারই কোরিয়ানদের কুকুর খাওয়া নিয়ে আগ্রহ আছে।  আর যদি কেউ কোরিয়া থাকে বা আসতে চায় তাহলে এই কথাটা অবশ্যই শুনতে হবে যে, ‘এই, কোরিয়ানরা নাকি কুকুর খায়!’

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাজিয়া শিলা, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 06:58 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

অবশ্য আমি তো তাও এখানে ‘কুকুর’ শব্দটা অনেক ভদ্র ভাষায় বললাম। আশা করি সবাই নিজ জ্ঞানে বুঝতে পেরেছেন।  তবে যাই বলি না কেন, আগ্রহ কিন্তু আমারও কম ছিল না। প্রশ্নগুলোও এমন ছিল যে, ‘হায় হায় ওরা কুকুর খায়? কীভাবে খায়? পারে কীভাবে খেতে? মনে হলেই তো বমি চলে আসে। তাই না? এইসব প্রশ্নই তো? হুম, আজকে হয়তো কিছু হলেও কোরিয়ানদের কুকুর খাওয়ার ব্যপারে অনেক কিছুই জানাতে পারবো।

এ বিষয়ের উপর লিখতে গিয়ে দেড়মাসেরও বেশি সময় নিতে হয়েছে। কেননা, একে তো কোরিয়ানদের জন্য এই বিষয়টা এখন অনেক সংবেদনশীল। মানে, তরুণ-বৃদ্ধ কোনও জেনারেশনই স্বাচ্ছন্দ্য বোধ করে না কুকুর খাওয়ার ব্যপারে কথা বলতে। আর অবশ্যই, কোন বিষয়ের ব্যাপারে না জেনে কীভাবে লিখবো ?

এই বিষয়ে লিখতে পারবো কি পারবো না- সেটি নিয়ে আমি আসলে বিভ্রান্তির মধ্যে ছিলাম। লিখি আর না লিখি একটা বিষয় যখন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তারমানে আমাকে এই ব্যাপারে অবশ্যই খোঁজ নিতে হবে। শুরু করলাম কাছের মানুষ দিয়ে। বাঙালি যারা কোরিয়ান ভাষাতে অনেক পারদর্শী আর অনেক কোরিয়ান বন্ধু আছে ওদের বললাম একটু খোঁজ নিতে। এর মধ্যে আমার যে কোরিয়ান বন্ধু-বান্ধবী আছে ওদেরকে ‘নক’ দিলাম এই ব্যাপারে জানার জন্য।

বলে নেই যে- হ্যাঁ কোরিয়ানরা কুকুরের মাংস খায়। কিন্তু এই কুকুরের মাংস খাওয়ার আগেপিছে অনেক কথা আছে। আর এইটুকুও সত্যি যে, এখন কোরিয়ানরা কুকুরের মাংস খাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। আমি কোরিয়া আসার পর কোথাও কুকুরের মাংস খাওয়ার রেস্তোরাঁ দেখিনি। এমনকি আমি নিজেও আমার সামনে কোনও কোরিয়ানকে কুকুরের মাংস খেতে দেখিনি। তবে কাঁচা বাজারে গেলে অনেক কসাইয়ের দোকানে কুকুরের মাংস দেখতে পাওয়া যায়।  

যে কয়জনকে প্রশ্ন করেছিলাম, তাদের মধ্যে আমার খুব কাছের বন্ধুরাই সাড়া দিয়েছে।  বিশেষ করে কোরিয়ানরা একেবারেই সাড়া দেয়নি। আসলে, এই জেনারেশন খুব ভালোভাবে নেয় না। হয় এড়িয়ে যায়, না হয় বিরক্ত হয়। কেন জানি আমার মনে হয় ওরা খুব লজ্জিত বোধ করে। তবে আমিও ভয়েই ছিলাম যে হয়তো আমিও কোন সঠিক তথ্য পাব না।

তার মধ্যে উঙ্গিয়ন আর সুহো আমাদের দুই কোরিয়ান বন্ধু, ওদের মেসেজ দিয়ে রেখেছি- কিন্তু  তাৎক্ষণিক কোন প্রত্যুত্তর পাচ্ছিলাম না। দুইদিন পর উঙ্গিওন লিখলো-  ‘তুমি কি সত্যিই এই ব্যাপারে জানতে চাও? নাকি এমনি? আর যদি সত্যিই জানতে চাও তাহলে তোমাকে প্রথমে কোরিয়ানদের প্রতি শ্রদ্ধা রেখে আগে ওদের ইতিহাস, সংস্কৃতি আর আবহাওয়া সম্পর্কে জানতে হবে।’

আমি উত্তর পেয়ে বুঝলাম যে সত্যিই এখন ওরা এই ব্যাপারে কথা বলতে খুব আগ্রহী না। যাহোক আমি ওকে বোঝালাম যে, আমি আসলেও জানতে চাই। ও তারপর বলল যে, পরদিন আমার সাথে এ ব্যাপারে কথা বলবে। সময় পেয়ে আমিও উইকিপিডিয়া দেখে নিলাম, কিন্তু উইকিপিডিয়াতে তেমন কোনও কাজের তথ্য দেওয়া নেই।

পরদিন উঙ্গিওন আর সুহো এর সাথে কথা বলে কোরিয়ানদের কুকুর খাওয়ার বৃত্তান্ত শুনলাম।  উঙ্গিওন আর সুহোর মতো সব কোরিয়ানই জানে যে বাইরের পৃথিবীর তাদের কুকুর খাওয়া নিয়ে একটা আগ্রহ রয়েছে আর সেটা খুব ভালো কোন ইঙ্গিতে না। যারজন্য ও চাচ্ছিলো পুরো ইতিহাসটা আমাকে জানাতে। যাতে করে সবার মধ্যে ওই ‘ছিঃ’ ভাবটা একটু হলেও কমে। ওর কথা থেকে যতটুকু জেনেছি তাই লেখার চেষ্টা করছি-

আমরা মোটামুটি সবাই জানি যে, দক্ষিণ কোরিয়া এতো উন্নত দেশ হয়েছে খুব বেশিদিন হয়নি। ৬০-৭০ দশকে অনেক অনেক বেশি গরীব দেশ ছিল কোরিয়া। গরীবের সংখ্যাই ছিল খুব বেশি। যার কারণে খাওয়ার সমস্যা ছিল প্রচুর। প্রধান খাদ্য হচ্ছে ভাত। কিন্তু ভাত খেয়েই তো আর পুরো বছর পার করা যেত না। আর চালও তখন পর্যাপ্ত পরিমাণে ছিল না, যে পুরোবছর চলবে। কোরিয়ায় ৭০ শতাংশ এলাকা হচ্ছে পাহাড়। আর আবহাওয়া নাতিশীতোষ্ণ না হওয়ার কারণে এখানে গরু, ছাগল, ভেড়া খুব বেশি নেই। মানে, আমাদের দেশের মত। আসলে ওই সময়ে যারা গরীব ছিল তাদের জন্য দুই বেলা খাবার জোগাড় করাও অনেক কষ্টকর ছিল।

এটাই সত্যি! কিন্তু তাই বলে কুকুরের মাংস খাবে? এরকম মনে হতেই পারে। আমার তাই মনে হয়েছিল। কিন্তু সুহো আমাকে যে উদাহরণ দিয়েছে তাতে আমার ওদের কুকুর খাওয়ার কারণ বুঝতে বাকি ছিল না।

ও আমাকে বললো, “তোমারতো একটা তিন বছরের মেয়ে আছে। তুমি শুধু এইটুকু চিন্তা করো যে, তুমি তোমার ছোট্ট মেয়েটাকে ৪/৫ দিন ধরে কিছুই খেতে দিতে পারছো না। তোমার মেয়ে অনবরত খাবারের জন্য কেঁদেই যাচ্ছে। অথচ তোমার বাসায়, বাইরে খাওয়ার মত কিছু নেই। তখন তুমি কি করবে?”

আমি পুরোই চুপ। মনেমনে চিন্তা করছিলাম, তাই বলে কুকুরের মাংস! চিন্তা করতে করতেই আমি যখন আমার মেয়ের দিকে তাকালাম তখন মনে হলো- আমি সামনে যা পাবো তাই দিব ওকে খেতে।

পরে আমি উত্তর দেওয়ার আগেই সুহো বললো- “তুমি হয়তো তোমার উত্তর পেয়ে গেছো। ক্ষুধা এমন একটা জিনিস যা সহ্য করা যায় না। তখন ওই অবস্থায় মানুষ সামনে যা পেয়েছে তাই খেয়েছে। এভাবেই আসলে কোরিয়ানদের কুকুর খাওয়া শুরু। তারপর আস্তে আস্তে কুকুরের মাংস খাওয়া একটা রীতিতে পরিণত হয়। শুরু হয় প্রতি বছর কুকুরের মাংস খাওয়ার উৎসব। কিন্তু ৮০ এর দশকে এসে সরকারিভাবে ‘পশু অধিকার’ দপ্তর থেকে কুকুরের মাংস খাওয়া বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে কমতে থাকে কুকুরের মাংস খাওয়া। এখনও যে খায় না, তা নয়। তবে ৯৫ শতাংশ কমে গেছে। বলা যেতে পারে এখন শুধু একটু বয়স্করাই খেয়ে থাকে কুকুরের মাংস।”

এখন কোরিয়ানদের মধ্যে এতো পরিবর্তন আসছে যে না দেখলে বোঝার উপায় নেই। নতুন প্রজন্ম কুকুর খুব পছন্দ করে। রাস্তায় বের হলেই দেখা যায় এদের কুকুর নিয়ে সৌখিনতা। উফ! ওদের আদেখলপনা দেখে আমি বিরক্ত। অসহ্য লাগে আমার কুকুর, বিড়াল। বেশি বিরক্ত লাগে এদের কুকুরের প্রতি অতিরিক্ত যত্নশীলতা দেখে। কি করে না এরা! আমরা একটা শিশুর যেমন যত্ন নেই, আমরা ঠিক তেমনি এরা কুকুরের যত্ন নেয়। কোলে নিয়ে রাস্তায় হাঁটা, ডায়াপার পরানো, কুকুরের জন্য স্ট্রলার ব্যাবহার, কুকুরকে জামা পরানো ইত্যাদি।

এগুলা খুবই সাধারণ ব্যাপার এখন। অথচ গত শতাব্দীর আশির দশকে এরা বাসায় কুকুর পেলে বড় করত শুধু বিক্রি করার আশায়। তখন অনেক চড়া দামে বিক্রি হত কুকুর।   

যেকোন সুপারসপগুলোতে গেলেই দেখা মিলে ‘এনিমেল সেকশন’। কি নেই সেই জায়গায়, কুকুরের জামা কাপড় থেকে শুরু করে সব কিছু। একেক প্রজাতির জন্য একেক রকম খাবার, খেলনা, ডায়পার, স্ন্যাকস সবকিছু।

কোরিয়াতে পালিত পশুর মধ্যে কুকুর সবচেয়ে জনপ্রিয়। হাসপাতাল তো আছেই তারপরও আলাদা করে কুকুরদের জন্য হাসপাতাল, ফার্মেসিও আছে। কোরিয়ানদের উন্নতিটা খুব তাড়াতাড়ি হয়েছে। আর পরিবর্তনটাও এসেছে খুব তাড়াতাড়ি।

ওদের দেশের তরুণ প্রজন্মের কুকুরপ্রীতি এবং কুকুরগুলোর সৌভাগ্য দেখলে, একথা মানতে মন চায় না কোরিয়ানরা একসময় কুকুর খেত!

ছবি: সাজিয়া শিলা, দক্ষিণ কোরিয়া থেকে

লেখকের আরও পড়ুন

প্রবাসীর চোখ: সাগর পাড়ের সৌন্দর্য  

কোরিয়ায় প্রবাসীদের পাশে আছেন যে প্রবাসীরা  

কোরিয়ার চিঠি: উচ্চশিক্ষার প্রশ্ন-উত্তর পর্ব  

কোরিয়ায় বাঙালি শিক্ষার্থীদের জীবন

কোরিয়ার চিঠি: বিদেশ বিভূঁইয়ের ভালো-মন্দ

নাকে অচেনা গন্ধ, মুখে সুস্বাদু কোরিয়ান খাবার

জেজু দ্বীপ, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি  

গোলাপ যেখানে জবা ফুলের মতো!  

প্রবাসীর ভ্রমণ: তিমি ভাবে জলে যাই  

কোরিয়ার চিঠি: সেই আড্ডাটা আজ আর নেই  

কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিয়ে রাষ্ট্রদূত জুলফিকার রহমানের সাক্ষাৎকার  

কোরিয়ার গ’জে দ্বীপে পাহাড় ও সাগরের সাথে  

কোরিয়ার চিঠি: আমাদের দূতাবাসের সেবা  

পড়ুন প্রাণ ভরিয়া কুসংস্কারের কোরিয়া  

কোরিয়ানদের ভাষাপ্রীতি ও আমাদের বিড়ম্বনা  

দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থা নিয়ে প্রবাসীর ভাবনা  

আমার চোখে সিউল  

দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা: শুভ্র চেরির রাজ্যে  

বইপোকাদের স্বর্গরাজ্য ‘কোয়েবো’

প্রবাসীর চোখ: সড়ক ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়া  

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!