জার্মানিতে বড়দিন উৎসব, সান্টাক্লজ আসার অপেক্ষায়!
জার্মানি এসেছি তিন বছর আগে। দিনটি ছিল ২৩ ডিসেম্বর। মানে বড়দিনের দু’দিন আগে।
মিউনিখ বিমানবন্দরে নেমেই বড়দিনের আলোকসজ্জা ও বড়দিনের বড় বড় গাছ দেখতে পেলাম। সাজানো গাছ। গাছের মধ্যে নানা রঙের বাতি, ঝিলমিল ঝিলমিল করে। তারপর থেকে প্রতি বছরই দেখে আসছি বড়দিন উৎসব!
বড়দিন কি? বড়দিন উৎসবে মানুষ কী করে? জার্মানিতে আসার আগে বড়দিন সম্পর্কে খুব একটা ধারণা ছিল না। জার্মানিতে বড়দিন উৎসব একক কোন জাতি বা গোষ্ঠীর নয়।
জার্মানিতে বড়দিন ঐতিহ্যবাহী এক উৎসবের নাম। এ উৎসব সবার। সব ধর্মের বর্ণের মানুষ আনন্দে মেতে ওঠেন এ উৎসবে।
প্রতি বছরের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। নভেম্বর মাসের শুরুর দিকেই বসছে বড়দিনের মেলা, বাড়তি দোকানপাট। করা হয়ছে বড়দিনের আলোকসজ্জা। ব্যস্ত শপিং মার্কেটগুলো। এখন কেনাকাটায় ব্যস্ত সবাই।
বাসা-বাড়িতে সবার ঘরে ঘরে এখন ক্রিসমাস গাছ। ঘরসজ্জা ও বড়দিনের গাছ সাজানো শেষে গাছের নিচে জমা পড়বে বড়দিনের সব উপহারসামগ্রী। ভাবছেন এসব ছোট-বড় বাক্সের ভেতর কী ধরণের উপহার থাকে? না, বলা যাবে না। হতেও পারে অতি পছন্দের কোনো উপহার!
সাধারণত সান্টাক্লজ চকলেট ও নানা ধরণের উপহার নিয়ে ছোটদের কাছে আসেন, যারা সারা বছর ভালো ছেলেমেয়ে ছিলো, খুব বেশি দুষ্টুমি করেনি তারা। তবে সান্টাক্লজের ইচ্ছে হলে বড়দের কাছেও আসতে পারেন।
বড়দিনের আগেরদিন সন্ধ্যাবেলা মানে ডিসেম্বর মাসের ২৪ তারিখ আসেন সান্টাক্লজ। সঙ্গে নিয়ে আসেন অনেক উপহার। ওই সন্ধ্যাকে বলা হয় ‘পবিত্র সন্ধ্যা’।
এ দু’দিন জার্মানিতে সরকারি ছুটি। জার্মান ভাষায় বড়দিনকে বলা হয় ‘ভাইনাখটেন’।
এখন শুধু বড়দিনের ছুটি আর সান্টাক্লজ আসার অপেক্ষার পালা।
লেখক: প্রবাসী বাংলাদেশি
ইমেইল- md.naim@aol.com
এই লেখকের আরও লেখা
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
