২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিসা-পাসপোর্টের ভোগান্তিতে ভ্রমণ!

বিদেশ ভ্রমণ করতে সর্বপ্রথম দু’টো জিনিসের প্রয়োজন হয়- পাসপোর্ট ও ভিসা। আবার এমনও অনেক দেশ আছে, যেসব দেশের নাগরিকদের বিদেশ ভ্রমণ করতে এ দু’টোর কোনোটাই লাগে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাঈম হাবিব, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 11:29 AM

Updated : 11 Oct 2022, 02:43 PM

বাংলাদেশি নাগরিকদের আমেরিকা যেতে হলে ভিসা তো লাগেই, উপরন্তু এ যেন সোনার হরিণ, ধরা কঠিন! তেমনই মার্কিনিরা বাংলাদেশে আসতে হলে তাদেরকেও বাংলাদেশের ভিসা নিয়ে আসতে হবে।

এদিকে গালফ এলাকার মানুষ গালফ অন্তর্ভুক্ত দেশে যেতে ভিসা-পাসপোর্ট দু’টোর কোনোটাই লাগে না। যেমন, সৌদি আরবের নাগরিক আরব আমিরাত যেতে, আরব আমিরাতের নাগরিকরা ওমান যেতে, কিংবা ওমানের নাগরিকদের সৌদি আরব যেতে পাসপোর্ট -ভিসা লাগে না।

ইউরোপের নাগরিকরা ইউরোপের যে কোনো দেশে যেতে পাসপোর্ট– ভিসা লাগে না। উন্নত দেশের নাগরিকরা পৃথিবীর প্রায় সবগুলো দেশেই বিনা ভিসায় ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন।

ইন্টারনেটের তথ্য অনুযায়ী, আমাদের বাংলাদেশ পাসপোর্ট দিয়েও বিশ্বের অনেকগুলো দেশের ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়। তবে তার মধ্যে বেশিরভাগ দেশেই বাংলাদেশ কেনো, জার্মানি থেকেও সরাসরি ফ্লাইট নাই। এই যেমন, অস্ট্রেলিয়ার কাছে ফিজি নামক  দ্বীপ রাষ্ট্রে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ‘ভিসা অন অ্যারাইভাল’ সুযোগ নিয়ে ভ্রমণ করা যায়। আগে থেকে ভিসা নেওয়ার ঝামেলা নাই।

তবে ফিজির উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেশিরভাগ বিমানই আমেরিকা কিংবা অস্ট্রেলিয়া হয়ে যায় এবং বিমান ওইসব দেশে বিরতি করে। বাংলাদেশিরা ওইসব দেশের উপর দিয়ে ফিজি যেতে হলে এসব দেশের ট্রানজিট ভিসা লাগে। আর বাংলাদেশ পাসপোর্ট দিয়ে এসব দেশের ভিসা কিংবা ট্রানজিট ভিসা চাওয়া মানে ব্যাপারটা অনেকটা এমন যে- খাজনার চেয়ে বাজনা বেশি!

যাই হোক, থাইল্যান্ডে বেড়াতে গিয়ে তার পাশের দেশ কাম্বোডিয়া বেড়ানোর সুযোগটা হাতছাড়া করলাম না। থাইল্যান্ডে অবস্থিত কাম্বোডিয়ান দূতাবাসে ট্যুরিস্ট ভিসার আবেদন করলাম। আবেদনের ১৫ মিনিটের মধ্যে ভিসা পেয়ে গেলাম।

এতো অল্প সময়ের মধ্যে ভিসা পেয়ে যাওয়ায় অনেক ভালো লাগলো,  নিজেকে একজন গুরুত্বপূর্ণ নাগরিক বলে মনে হলো। কারণ, এর আগে এমনও অভিজ্ঞতা আছে যে কোনো দেশের ভিসার আবেদন করার পর তিন মাসেও কোনও খবর হয়নি।

থাইল্যান্ডের পাশের দেশ কম্বোডিয়া। থাইল্যান্ড ও কম্বোডিয়া মধ্যে বেশ কয়েকটি বর্ডার আছে। থাইল্যান্ড থেকে সড়ক পথে কম্বোডিয়া যেতে আকাশপথের চাইতে খরচ অনেক কম। কিন্তু আমার কম্বোডিয়ার ভিসার মধ্যে দূতাবাস লিখে দিয়েছে, ‘ট্রাভেল বাই এয়ার অনলি’। সড়কপথে কাম্বোডিয়া যাওয়ার সুযোগ নাই। তাই চললাম আকাশপথে।

টিকিট কাটলাম এয়ার এশিয়া বিমানের। ব্যাংককের দনমুয়াং ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে উড়াল দিয়ে এক-দেড় ঘণ্টার যাত্রা শেষে বিমান অবতরণ করলো ক্যাম্বোডিয়ার সিয়েম রিপ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে।

হাতের ব্যাগপত্র নিয়ে যাত্রীরা একে একে বিমানে থেকে নামতে শুরু  করলেন। বিমানবালারা বিমানের দরজায় দাঁড়িয়ে একে একে সব যাত্রীদের ইংরেজিতে ‘ধন্যবাদ’ ‘আবার দেখা হবে’ বলতে থাকলেন।

পাসপোর্ট কন্ট্রোলের দীর্ঘ লাইন দেখে মনে হলো, আগের ফ্লাইট আসা যাত্রীরা হয়তো এখনও খলাস হয়নি। লম্বা লাইন। আট-দশটা কাউন্টার খুলে যাত্রীদের পাসপোর্টে সিল দিচ্ছে এয়ারপোর্ট ইমিগ্র্যাশন অফিসাররা।

এমনি একটা লম্বা লাইনে পাসপোর্ট হাতে রিটার্ন টিকিটসহ দাঁড়িয়ে গেলাম সিল নেওয়ার জন্য। আমি দাঁড়িয়েছি লাইনের একদম পেছনে। লাইনে আমার সামনে আছেন পনেরো-বিশ জনের মতো। একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে লাইন, আর এগোচ্ছি আমিও।

লাল পাসপোর্টধারী পর্যটকদের সিল দিতে বেশি সময় নেয় না অফিসাররা। লাইনে আমার সামনে তখন আর চার-পাঁচজন মাত্র। সামনের এই লোকজনকে রেখেই আমাকে হাতের ইশারায় ডাকলেন অফিসার।

তারপর পাসপোর্ট দেখতে চাইলেন। পাসপোর্ট দেখে সিল না মেরে  আঙ্গুলের ইশারায় দূরে দাঁড়িয়ে থাকা এক অফিসারকে দেখিয়ে তার কাছে যেতে বললেন। তিনিও পাসপোর্ট দেখে আমাকে এড়িয়ে গিয়ে অন্য কারো সঙ্গে আলাপ শুরু করলেন।

আমি একটু অপমানিত বোধ করলাম। মনে একটু রাগ-গোস্বা হলো। কারণ, ভিসা-পাসপোর্ট-কাগজপত্র সবকিছু ঠিক আছে, যা দূতাবাস চেক করেই ভিসা দিয়েছে। তারপরও এমন আচরণ কেন?

দুই-এক মিনিট পরে অফিসার আমার কাছে ফিরে এসে বললেন, আমার সাথে আসেন। আমি গেলাম। একটি রুমে বসে আমাদের আলাপ হচ্ছিলো। অফিসার আমাকে কিছু প্রশ্ন করলেন।

কম্বোডিয়া কয়দিন থাকবেন? রিটার্ন টিকিট করা আছে কিনা? সাথে খরচের জন্য যথেষ্ট পরিমাণ টাকা-পয়সা আছে কিনা? ইত্যাদি। আমার কাছে থাকা নগদ হাজার ইউরো ও ক্রেডিড কার্ড দেখিয়ে দিলাম। সঙ্গে থাকা বাকি কাগজপত্রের ডাবল চেক করলেন অফিসার।

সবকিছু ঠিক থাকার পরও ডাবল চেকের সম্মুখীন হয়ে মনটা খুবই খারাপ হয়ে গেল। তারপর হঠাৎ সেই ডাবল চেক রুমের দেয়ালে টাঙানো বিভিন্ন দেশের নামের একটা তালিকা লক্ষ করলাম। তালিকাটি হচ্ছে কম্বোডিয়ান এয়ারপোর্টে যেসব দেশের নাগরিকদের পাসপোর্ট ও সাথে থাকা কাগজপত্র ডাবল চেক করা হয়, সেসব দেশের নামের তালিকা।

তালিকার প্রথমেই আফগানিস্তান, ইরাক, ইরান ও বাংলাদেশসহ তালিকায় আরও দেখতে পেলাম সৌদি আরবের নাম। অবশ্য ডাবল চেক শেষে আমাকে আর ফিরে লাইন দাঁড়াতে হয়নি। শুধু আমার জন্যে আলাদা করে কাউন্টার খুলে পাসপোর্টে সিল দিলেন অফিসার।

পাসপোর্টে সিল নিয়ে এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখতে পেলাম, আমার নাম লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে গেইটের সামনে দাঁড়িয়ে আছে হোটেল থেকে পাঠানো ড্রাইভার। আমি কাছে গিয়ে বললাম এটা আমি।

কম্বোডিয়ান ড্রাইভার হাসিমুখে বললো, “ওয়েলকাম টু সিয়েম রিপ কম্বোডিয়া।”  ড্রাইভারের ওয়েলকাম পেয়ে এয়ারপোর্টের ভেতরে ডাবল চেকের ঘটনা ভুলে গিয়ে মনটা একদম ভালো হয়ে গেলো। আমি ড্রাইভারকে ধন্যবাদ জানিয়ে গাড়ি করে হোটেলে চলে আসলাম।

লেখক: প্রবাসী বাংলাদেশি

ইমেইল- md.naim@aol.com

এই লেখকের আরও লেখা

জার্মানিতে মরিচ সংকটের সমাধান

রাণী ভিক্টোরিয়ার প্রেম ও কর্মচারী করিমের কাহিনী

প্রবাসীর ভ্রমণ: ভালোলাগা থাই যোগাযোগ ব্যবস্থার কথা

থাইল্যান্ডে মধ্যরাতেও নিরাপদ নারীরা

প্রবাসের চিঠি: রোমান্টিক শহর, তালার বহর

থাইল্যান্ডের ভাসমান হাটে

বিদেশির মুখে বাংলাদেশের জাতীয় সঙ্গীত!

হাতির বিষ্ঠাও লাখ টাকা!

জার্মান দেশের মেলায় বাংলাদেশের পতাকা!

স্পেন ভ্রমণ: নব্বই পয়সার সিনেমা

জার্মান দেশে বাংলাদেশি দাঁতের প্রশংসা!

জানালা খুলে বরফের রাজ্যে!

বার্সেলোনায় মেসির মাঠে

গল্পে পড়া রাজা-উজির, এসে পেলাম স্পেনে  

ঘুরে এলাম স্পেনের কর্ডোভা মসজিদ  

মুসলিম স্থাপত্য ‘আলহাম্বরা’ ও তার লোককথা

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!