নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন
ঢাকার শাহবাগ থানার ওসি খতিয়ে দেখে ‘পরবর্তী পদক্ষেপ’ নেওয়ার কথা জানিয়েছেন।
ইসরায়েলের নাগরিক মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ অপরাধ করেছেন দাবি করে তার বিরুদ্ধে মামলা করার আবেদন হয়েছে থানায়।
শুক্রবার বিকালে ঢাকার শাহবাগ থানায় এ নিয়ে মামলা করতে চেয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বাদী হয়ে এ মামলা দায়ের করতে আবেদন করেন।
থানার ওসি নূর মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার আবেদন করা হয়েছে। খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার দল থেকে বের হয়ে যাওয়া এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে নুরের টাকার নেওয়া অভিযোগ নিয়ে তার অভিযোগ, নুরের সঙ্গে ‘মোসাদের বৈঠক’ নিয়ে ঢাকায় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদানের দেওয়া নতুন তথ্য নিয়ে সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আবার আলোচনায় আসেন নুর।
এর আগে তার দুবাই সফর নিয়েও নানা আলোচনা তৈরি হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুর।
এদিন মামলার আবেদনে বলা হয়েছে, “বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নূরুল হক নূর হজ করার কথা বলে বিদেশে সফরে গিয়ে সংযুক্ত অরব আমিরাতের দুবাইয়ে অস্বীকৃত ইসরায়েল রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
"মোসাদ এজেন্ট মেন্দি এন সাফদির সাথে নুরুল হক নূরের ছবি ও তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ইতোমধ্যে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আল্লার পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইয়াহুদিচক্রের সাথে হাত মিলিয়ে নুরুল হক নূর প্রকৃতপক্ষে বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত হয়েছে।"
মামলার আবেদনে আরও বলা হয়, সম্প্রতি গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়ার বক্তব্যে ইসরায়েলের মোসাদের সাথে নুরের যোগাযোগ ও আর্থিক লেনদেনের বিষয়টি প্রমাণিত হয়েছে। সম্প্রতি ডিবিসি ও সময় টিভিতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সাথে নুরুল হক নুরের যোগাযোগ রয়েছে যা দেশের প্রচলিত আইন পরিপন্থী এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল।
"বাংলাদেশ রাষ্ট্র নির্যাতিত-নিপীড়িত ফিলিস্তিনদের অধিকারের পক্ষে সবসময় থাকলেও ইসরায়েল ও মোসাদের সহযোগিতায় নুরুল হক নূর ও তার রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ সাধারণ নেতাকর্মীদের উষ্কে দিয়ে রাষ্ট্রের মধ্যে ঘৃণা, বিদ্বেষ-বিশৃঙ্খলা সৃষ্টি করে আইনবলে প্রতিষ্ঠিত বৈধ সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত বিধায় এই আসামী নুরুল হক নূর রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ সংঘটিত করেছে।“
এজন্য দণ্ডবিধির ১২৪(ক), ১২০(খ) ও ৫০৬ ধারায় মামলা রুজু করার আবেদন করেন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন।
