২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল শেষে বিক্ষোভ কর্মসূচি বিএনপির

জামায়াতে ইসলামীর তাণ্ডবের ফলে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার দিনব্যাপী হরতালের পর বুধবার বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:19 AM

জামায়াতের দুদিন হরতালের পর মঙ্গলবার হরতাল ডাকে বিএনপি।

ঢিলেঢালাভাবে এই কর্মসূচি শেষ হওয়ার পর সন্ধ্যায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে পরবর্তী কর্মসূচি জানান বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিএনপি বুধবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে। এছাড়া গত কয়েকদিনে নিহতদের স্মরণে আগামী ৯ মার্চ কেন্দ্রীয়ভাবে রাজধানীতে গায়েবানা জানাজা হবে।

৯ মার্চ বাদ আসর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই গায়েবানা জানাজা হবে।

বিএনপির সঙ্গে মিল রেখে জামায়াতে ইসলামীও বুধবার বিক্ষোভের কর্মসূচি দিয়েছে।

যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড পাওয়া সাঈদীর মুক্তি দাবিতে এই কর্মসূচি দেয়ার কথা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে জানিয়েছেন।

বুধবারের কর্মসূচিতে বাধা দিলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়ার হুমকিও দিয়েছেন তিনি।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে গত ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার পরপরই বিভিন্ন স্থানে তাণ্ডব শুরু করে জামায়াত-শিবিরকর্মীরা।

এই সময়ে আগুন দেয়া হয় ট্রেনে, পুড়িয়ে দেয়া হয় রেল স্টেশন, বিদ্যুৎ স্থাপনা। বিভিন্ন স্থানে সড়কে চলে নির্বিচারে ভাংচুর ও লুটপাট। হামলা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরও, যাতে নিহত হন একজন।

সরকারি হিসাবে, গত কয়েকদিনে সংঘর্ষে নিহত হয় ৬৭ জন।  

সংঘর্ষের নিহতের ঘটনাকে সরকারি বাহিনীর ‘হত্যাকাণ্ড’ দাবি করে হরতাল ডাকে বিএনপি, যাতে জামায়াত সমর্থন দেয়। 

হরতাল সফল হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “রক্তচোষা সরকারের গণহত্যার কর্মকাণ্ডকে দেশ-বিদেশ আজ ধিক্কার জানাচ্ছে।”

এই হরতালে দুই শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার এবং পুলিশের হামলায় আড়াইশ আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

রিজভী আরো বলেন, হরতালকে সামনে রেখে নেতা-কর্মীদের বিরুদ্ধে সাড়ে ৪ হাজার মামলা করা হয়েছে।

সরকার ‘গণহত্যা’ থেকে দৃষ্টি সরাতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা করেছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতা বলেন, “চট্টগ্রামসহ সারাদেশে পুলিশ ও র‌্যাবের ছত্রছায়ায় ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও হামলা চালিয়েছে।

“নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। আমরা শাসক গোষ্ঠীর এহেন অপতৎপরতার ক্ষোভ ও নিন্দা জানাই।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৭ মার্চ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি পালন করবে বিএনপি।

৭ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল এবং ৮ মার্চ মুক্তিযুদ্ধের প্রজন্ম আলোচনা সভা করবে।

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, হারুন অর রশীদ, গোলাম মোস্তফা, রেহানা আখতার রানু, সৈয়দ আসিফা আশরাফী পাপিয়া, রাশেদা বেগম হীরা, মোস্তাফিজুর রহমান বাবুল, ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।

জামায়াতের দুই দিন টানা হরতালের পর বিএনপির হরতালে রাজধানীতে দলটির নেতাকর্মীদের তৎপরতা খুব একটা দেখা যায়নি। তবে বিক্ষিপ্ত বোমাবাজি এবং গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে।

Image
মঙ্গলবার বিএনপির হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়।

মঙ্গলবার বিএনপির হরতাল চলাকালে পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরিত হয়।

সকালে রাজধানীর কারওয়ানবাজার ও মিরপুর এলাকায় দুটি বাস পোড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সবুজবাগ, মুগদা, গুলশানসহ বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণ হয়।

তবে দুপুর পর্যন্ত রাজপথ সরগরম থাকে হরতালবিরোধী মিছিলে। হরতাল সন্ধ্যা পর্যন্ত হলেও বিকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে।

হরতালে ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাস ছাড়েনি।

ঢাকার বাইরে কয়েকটি স্থাণে গোলযোগ হয়েছে। কুমিল্লায় সরকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষের পর বুধবারও জেলায় হরতাল ডেকেছে বিএনপি।

সাতক্ষীরার কলারোয়ায় বোমাহামলায় নিহত হয়েছেন আওয়ামী লীগের এক কর্মী।

এছাড়া নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধা, ফেনী, যশোর, জয়পুরহাট, কিশোরগঞ্জ, পিরোজপুর, নওগাঁ, লালমনিরহাটে ভাংচুরের খবর পাওয়া গেছে।

পুরনো খবর:

হরতাল জেলায় জেলায়, একজন নিহত
হরতালে মাঠে নেই বিএনপি
কার্যালয় অবরুদ্ধ করে অধিকার হরণ হচ্ছে: রিজভী
কুমিল্লা সদরে বুধবার হরতাল বিএনপির
কলারোয়ায় ইউপি ভাইস চেয়ারম্যান কার্যালয়ে বোমা হামলা
হরতালে গাজীপুরে ট্রেনে আগুন
বিএনপি অফিসের কাছে হাতবোমা বিস্ফোরণ
হরতালে ঝালকাঠীতে বোমাবাজি, গ্রেপ্তার ৯
ঢাবি ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ
জামায়াতের হরতালে বগুড়ায় গুলিবিদ্ধ ১ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে বিএনপি- পুলিশ সংঘর্ষ, আহত ১০