কুমিল্লা সদরে বুধবার হরতাল বিএনপির
কুমিল্লা জেলা সদরে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
মঙ্গলবার বিকালে জেলা বিএনপি সভাপতি বেগম রাবেয়া চৌধুরী তার বাদুরতলার বাসায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালিয়েছে। এতে তাদের ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হন।
গুলিবিদ্ধ নগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনজুরুল আলমকে ঢাকায় পাঠানো হয় বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা মহানগরের কান্দিরপাড়ে অবস্থান নিয়ে হরতাল বিরোধী মিছিল করেন।
এক পর্যায়ে বিএনপিকর্মীরা কান্দিরপাড় এলাকায় বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটালে আওয়ামী লীগ ও বিএনপিকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় এ সংঘর্ষ দুপুর ২টা পর্যন্ত চলে।
এ সময় ২০/২৫ রাউন্ড গুলিবর্ষণ ও ২৫/৩০টি হাতবোমার বিস্ফোরণ হয়।
কান্দিরপাড়ে জেলা বিএনপি কার্যালয় ভাংচুর করা হয়।
সংঘর্ষে সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানসহ ১০ জন আহত হন। কুমিল্লা টাওয়ারের সামনে থাকা চারটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয় সংঘর্ষকারীরা।
