হরতালে ঝালকাঠীতে বোমাবাজি, গ্রেপ্তার ৯
বিএনপির হরতালের সমর্থনে ঝালকাঠিতে কোনো মিছিল না হলেও বিক্ষিপ্তভাবে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশকে ব্যস্ত রেখে যান চলাচলে বাধা সৃষ্টির জন্য হরতাল সমর্থকরা সোমবার রাত ও মঙ্গলবার সকালে কয়েকটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
ঝালকাঠী সদর থানার ওসি আব্দুল মান্নান জানান, সোমবার রাতে হরতালের সমর্থনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের চেষ্টাকালে জেলা শহর থেকে ছয় জনকে গ্রেপ্তার করা হয় বলে।
এরা হলেন, সাকিল (১৮), গৌতম দেবনাথ(১৯), সাহিন কারিকর (২৫), বাদল হাওলাদার(২০), মিজানুর রহমান(১৯) ও সামিম বাহার (৩৫)।
এদের সবাইকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
রাতে গাড়ি ভাংচুরের চেষ্টাকালে নলছিটি থেকে ইমরান (১৯) ও মিরাজ খলিফা (১৮) নামের দুই ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান বলেন, তাদের দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
এছাড়া নাশকতা সৃষ্টির আশঙ্কায় রাতে রাজাপুর থেকে মামুন হোসেন (২২) নামের এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
সকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান নলছিটি থানার ওসি আতাউর রহমান।
হরতালে ঝালকাঠি থেকে দূরপাল্লার বাস না ছাড়লেও অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল করছে। সকাল থেকেই শহরে চলছে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন।
আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালে জেলা শহরে হরতাল প্রতিরোধে মিছিল করে।
