হরতালে গাজীপুরে ট্রেনে আগুন
বিএনপির ডাকা হরতাল চলাকালে গাজীপুরের জয়দেবপুর জংশনে একটি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তুরাগের পুড়ে যাওয়া দুটি আসন
পুলিশ ও স্টেশন কর্মচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয় বলে ওসি জানান।
এর আগে সকাল ৭টার দিকে স্টেশন সংলগ্ন টেম্পোস্ট্যান্ডে একটি টোম্পোতে আগুন দেয় পিকেটাররা। এছাড়া জেলা শহরের জোড়পুকুর এলাকায় একটি টেম্পো ভাংচুর করা হয় বলে জানান জয়দেবপুর থানার ওসি।
বিএনপি কার্যালয়ে হামলা
দুপুরে গাজীপুরে জেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে সরকার সমর্থকরা।
পৌনে ১২টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে এ হামলা চালানো হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দুপুরে হরতালবিরোধী মিছিল বের করে। মিছিলটি জয়দেবপুর বাজারের দিকে যাওয়ার সময় বিএনপি কার্যালয়ে হামলার চেষ্টা চলে। তখন পুলিশ বাধা দেয়।
“এর কিছুক্ষণ পরে বিএনপি অফিসে থাকা নেতাকর্মীরা রাজবাড়ি সড়কে নেমে একটি অটোরিকশা ও কয়েকটি রিকশা ভাংচুর করে। খবর পেয়ে হরতালবিরোধী মিছিলকারীরা ফিরে এসে পিকেটারদের ধাওয়া দেয় এবং বিএনপি কার্যালয়ে হামলা চালায়।”
তিনি জানান, ওই সময় কার্যালয়ে ২০-২৫ জন নেতাকর্মী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
হামলার সময় লাঠির আঘাতে পৌর বিএনপির সভাপতি হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, জেলা জাসাসের সভাপতি সৈয়দ হাসান সোহেল, মাজহারুল আলমসহ ১০-১২ নেতাকর্মী আহত হন বলে মাজহারুল জানান।
জামায়াতের জেলা আমীর গ্রেপ্তার
জামায়াতের গাজীপুর জেলা আমির মো. আবুল হাসেম খান এবং তার দুই ছেলে মো. ফারুক ও মো. ফরিদকে আটক করেছে র্যাব।
নাশকতা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মঙ্গলবার সকালে বাসা থেকে তাদের আটক করা হয় বলে ওসি কামরুজ্জামান জানান।
সোমবার রাতে একই অভিযোগে আটক করা হয় শিবিরের জেলা সভাপতি আবু নাঈম মোল্লা ও অফিস সম্পাদক আব্দুল বাছেদকে।
মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈর, চান্দনা-চৌরাস্তা ও টঙ্গীতে হরতালের সমর্থনে মিছিল করে বিএনপি।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীরা মিছিল নিয়ে কলেজ গেইট এলাকায় যায় এবং সেখানে একটি অটোরিকশা এবং চেরাগ আলী মার্কেট এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টা করে।
পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে হরতালকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
হরতালে সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে দূরপাল্লার বাস না চললেও মিনিবাস, রিকশা, লেগুনা, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়।
এছাড়া অধিকাংশ কল-কারখানা, অফিস-আদালত, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান ও বিপনী বিতান খোলা রয়েছে।
