হরতালে মাঠে নেই বিএনপি
জামায়াতের পর বিএনপি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকলেও রাজধানীতে দলটির নেতাকর্মীদের তৎপরতা খুব একটা দেখা যায়নি।
সকালে রাজধানীর কারওয়ানবাজার ও মিরপুর এলাকায় দুটি বাস পোড়ানো হয়। সবুজবাগ, মুগদা, গুলশান লিংক রোড বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও হাতবোমা বিস্ফোরণেরও খবর পাওয়া যায়। তবে দুপুর পর্যন্ত রাজপথ সরগরম থাকে হরতালবিরোধী মিছিলে।
রাস্তায় যানবাহন ও লোকচলাচলও দেখা যায় আগের দুই দিনের তুলনায় বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ভিড়ও বাড়তে থাকে।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।
আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত এবং ইসলামী ঐক্যজোটও এই হরতালে সমর্থন জানিয়েছে।
গত দুদিনের মতো মঙ্গলবারও সকাল থেকে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে রাজধানীর সড়কগুলোতে। মালিবাগ, শান্তিনগর, রামপুরা, পল্টন, মতিঝিল, কারওয়ান বাজার, ফার্মগেইট, তেজগাঁও, মহাখালী, বাড্ডাসহ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সকাল থেকেই রাস্তায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে। গণ পরিবহনের সংখ্যাও গত দুদিনের তুলনায় বেশি।
সকালের প্রথমভাগে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূর পাল্লার বাস না ছাড়লেও কমলাপুর স্টেশন থেকে ট্রেন যথারীতি ছেড়ে গেছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
সকালে হরতালের শুরুতে নেতাকর্মীদের নিয়ে বিএনপি কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদী এই সরকার তার পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মমভাবে হরণ করে চলেছে। তারা কখনোই গণতন্ত্রের তোয়াক্কা করছে না।”
“আমাদের কার্যালয়ের প্রধান ফটকের বাইরে যেতে দিচ্ছে না। পুলিশ ঘিরে রেখেছে। এটাই হচ্ছে- সরকার গণতন্ত্রের নমুনা।”
হরতাল ‘সফল’ করতে বিএনপি নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানান তিনি।
এদিকে জামায়াতের হরতালের গত দুই দিন শাহবাগ থেকে মিছিল হলেও বিএনপির হরতালের দিন সেই কর্মসূচি দেয়নি গণজাগরণ মঞ্চ। তবে আগের ঘোষণা অনুযায়ী বিকালে যাত্রাবাড়ীর সমাবেশ হবে বলে সোমবার রাতে শাহবাগে ঘোষণা দেয়া হয়।
শাহবাগ থেকে মিছিল না হলেও গাবতলী, মৎস্যভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, কমলাপুর, বিজয় সরণি, আজিমপুর, বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, মহাখালী ও তিতুমীর কলেজের আশেপাশের এলাকায় সকাল থেকেই হরতালবিরোধী মিছিল নিয়ে রাজপথে সক্রিয় থাকে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন।
হরতালের শুরুতেই ভোর সাড়ে ৫ টার দিকে কারওয়ান বাজারে একটি বাসে আগুন দেয় হরতালকারীরা।
ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আলী জানান, অগ্নিনির্বাপক বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মিরপুরের দোয়ারিপাড়ায় আরেকটি বাসে আগুন দেয় হরতালকারীরা। সেখানে কয়েকটি হাতবোমাও ফাটানো হয়।
এছাড়া যাত্রাবাড়ী গোলাপবাগে একটি বাস ভাংচুর করা হয় বলে এসআই এমরানুল ইসলাম জানান।
সকাল ১০টার দিকে মহাখালী অয়্যারলেস গেইট এলাকায় একটি ভবনের ছাদ থেকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সেখান থেকে সন্দেহভাজন হিসাবে দুজনকে আটক করে পুলিশ ।
এদিকে রেললাইন ধরে নাশকতার ধারাবাহিকতায় মঙ্গলবার ভোররাতে চট্টগ্রামের ভাটিয়ারিতে ট্রেন লাইন কেটে নিয়েছে দুর্বৃত্তরা। ফলে ঢাকা-চট্টগ্রাম ও সিলেট চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল কিছুটা বিলম্বিত হয়।
