নারায়ণগঞ্জে বিএনপি- পুলিশ সংঘর্ষ, আহত ১০
বিএনপির সকাল-সন্ধ্যা হরতালের সকালে নারায়ণগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতাকর্মীরা মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় দলীয় কার্যালয়ের সামনে থেকে হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং পুলিশ বিএনপি কর্মীদের হাত থেকে ব্যানার কেড়ে নেয়। বিএনপি কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমূর আলম খন্দকারসহ ৫ জন আহত হন।
অন্যদিকে সকাল সাড়ে ৬টার দিকে শহরের গলাচিপা এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করে বিএনপি কর্মীরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
হরতালকারীরা এ সময় ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সংঘর্ষে মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরাম্যানসহ ৫ জন আহত হন।
তৈমূর আলম খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করেছে। গলাচিপায় পুলিশ গুলি করেছে।”
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনসাধারণের চলাচলে বিঘ্ন ও যান চলাচলে বাধা দেয়ায় ফাঁকা গুলি ছোড়া হয়েছে।”
