২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল জেলায় জেলায়, একজন নিহত

বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও অবরোধের মধ্য দিয়ে মঙ্গলবার সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল হয়েছে।

জেলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2013, 03:43 PM

Updated : 13 Oct 2022, 02:48 PM

সাতক্ষীরায় উপজেলা ভাইস চেয়ারম্যান কার্যালয়ে বোমা হামলায় এক আওয়ামী লীগকর্মী নিহত হয়েছেন।

নেত্রকোনায় একটি সিএনজি অটোরিকশায় আগুন দিলে দুই যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হন। যশোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে কয়েকজন আহত হন।

জেলায় জেলায় হরতালের পক্ষে-বিপক্ষে মিছিলও হয়েছে। এছাড়া জয়দেবপুরে একটি ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাইদীর মৃত্যুদণ্ড হওয়ার পর সারাদেশে জামায়াত-শিবিরকর্মীরা তণ্ডব শুরু করে। এতে এ পর্যন্ত অর্ধশতাধিক নিহত হন। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেয়া হয়। করা হয় লুটপাট।

এর ধারাবাহিকতায় রোববার ও সোমবার জামায়াতে ইসলামী এবং মঙ্গলবার তাদের শরিক দল বিএনপি হরতাল ডাকে।

প্রতিনিধিদের পাঠানো সংবাদ:

চাঁদপুর: জেলার বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করেছে হরতাল সমর্থনকারীরা।

হরতালের পক্ষে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠন শহরে খন্ড খন্ড মিছিল বের করে। অপরদিকে বিপক্ষে শহরে অবস্থান নেয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

সকালে শহরের শপথ চত্বরে স্বেচ্ছাসেবক দল মিছিল করার চেষ্টা করলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, ফরিদগঞ্জ উপজেলার একটি মনতলা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে ভাংচুর করেছে হরতালকারীরা।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরে বেলা পৌনে ১২টার দিকে পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ হয়েছে।

এ সময় পিকেটাররা পুলিশকে লক্ষ করে অন্তত ২০টি ককটেল  নিক্ষেপ করে।

এরপর পুলিশ লাঠিপেটা করে এবং ৮/১০ রাউন্ড শটগানের গুলিবর্ষণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. আবদুর রব বলেন, পুলিশ আট জনকে আটক করেছে। এছাড়া শহরের বিভিন্ন স্থান থেকে অবিস্ফোরিত ৬টি ককটেল উদ্বার করেছে।

চুয়াডাঙ্গা: বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে কেদারগঞ্জ সিএন্ডবি পাড়ায় পিকেটাররা পাটকাঠি বোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যানে আগুন দিয়েছে।

সদর থানার ওসি এরশাদুল কবির চোধুরী বলে, এলাকার লোকজন আগুন নেভাতে ভ্যানটি উল্টে রাস্তার পাশে পানিতে ফেলে। পরে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর: বাংলাহিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলতাফ হোসেন বলেন, হরতালে হিলি স্থলবন্দর ছিল অচল। আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শহরের দোকান-পাট বন্ধ ছিল। স্কুল-কলেজ খোলা থাকলেও শিক্ষার্থীর উপস্থিতি ছিল না।

এদিকে জেলা আওয়ামী লীগ বেলা ১২টায় বাসুনিয়াপট্টি দলীয় কার্যালয় থেকে হরতালবিরোধী একটি মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

ফরিদপুর: ফরিদপুর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি । তবে স্থানীয় রুটে বাস চলেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারীচালিত ইজিবাইক ও রিকশা চলেছে। ব্যাংক, বীমা ও অফিস-আদালত খোলা থাকলেও লেনদেন ও লোকজনের উপস্থিতি কম ছিল।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুর হক জানান,  হরতালের আগের রাতে হরতাল সমর্থকরা ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের একটি পানিবাহী গাড়িতে আগুন দেয়।

রাত ১০টার দিকে শহরের গোয়ালচামট এলাকার একটি ট্রাক ও একটি ব্যাটারিচালিত ইজিবাইকে আগুন দেয়া হয়। এতে চারজন আহত হয়েছে, বলেন ওসি।

ফেনী: ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ফেনীর কসকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে আবরোধ করে পিকেটাররা। এসময় একটি পিকাপে অগ্নিসংযোগ করে তারা। শহরের বিভিন্ন সড়কে কয়েকটি হাতবোমার বিস্ফোরণর করে তারা।

হরতালের আগের রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মহিপালে একটি ট্রাক ভাংচুর করে পিকেটাররা। একই সময়ে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি ইজিবাইকে (টমটম) অগ্নিসংযোগ করা হয়। রাতে ফেনী সদরের দক্ষিণ গোবিন্দপুর বসন্ত পন্ডিত বাড়ীর খড়ের গাদায় আগুন দেয় দুর্বৃত্তরা।

গাজীপুর: জয়দেবপুর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল বের করে।

মিছিলটি বিএনপি অফিস অতিক্রমকালে বিএনপি অফিসে হামলা চালানো চেষ্টা চালায়। এসময় পুলিশ তাদের বাধা দেয়। পরে মিছিলটি বিএনপি অফিস অতিক্রম করে জয়দেবপুর বাজারের দিকে চলে যায়।

এর কিছুক্ষণ পরে বিএনপি অফিসে থাকা নেতাকর্মীরা রাজবাড়ি সড়কে নেমে একটি সিএনজিসহ করেকটি রিকশা ভাংচুর করে।

এরপর ছাত্রলীগের মিছিলটি ফের বিএনপি অফিসে এসে হরতাল সমর্থকদের ধাওয়া দেয় এবং ভাংচুর চালায়।

যশোর: যশোরের দুই উপজেলায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে এক আওয়ামী লীগ নেতার স্ত্রী সন্তানসহ সাতজন আহত হয়েছেন।

এরমধ্যে যশোর জেনারেল হাসপাতালে এক জামায়াতকর্মীর অবস্থা আশংকাজনক।

অপরদিকে চৌগাছায় নির্মাণাধীন স্বাধীনতা ভাস্কর্যে হামলা ও যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে টাঙানো দুইটি ব্যানার পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মুক্ত বলেন, সকাল ১১টার দিকে রূপদিয়ায় বিএনপি জামায়াত হরতালের সমর্থনে মিছিল বের করে। মিছিল থেকে রূপদিয়ার ছাত্রলীগ নেতা রাসেলকে ধাওয়া করে হরতাল সমর্থকরা। রাসেল ধাওয়া খেয়ে আব্দুর রাজ্জাক মুক্তর বাড়িতে আশ্রয় নিলে বিএনপি জামায়াত কর্মীরা ওই বাড়িতে হামলা চালায়। ইট পাটকেল নিক্ষেপের পর তারা ওই বাড়িতে ঢুকে রাসেলকে (২৫) উপর্যুপরি কুপিয়ে জখম করে। একপর্যায়ে তারা মুক্তর স্ত্রী নিরা (৩৫), তার দুই ছেলে প্রলয় (১৫) ও প্রচ্ছদকেও (১০) আহত করে।

মুক্ত আরও জানান, তার বাড়িতে মাইকেল হ্যারি নামে একজন আমেরিকান গবেষক রয়েছেন। তার রুমেও তাণ্ডব চালিয়েছে হরতাল সমর্থকরা। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি ছাড়াও লুটপাটের ঘটনা ঘটেছে।

নরেন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, ছাত্রলীগ নেতা রাসেলকে ধাওয়া করে আওয়ামী লীগ নেতা মুক্তর বাড়িতে নিয়ে মারপিটের ঘটনা ঘটেছে।

প্রায় একই সময়ে মণিরামপুরের ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুরে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-বিএনপি সমর্থকরা। এ সময় তাদের উপর হামলা করে আওয়ামী লীগ সমর্থকরা।

উপজেলা তরুণ লীগের আহ্বায়ক মারুফ হোসেন জানান, তাদের বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও হামলার প্রস্তুতির খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও গ্রামবাসী হরতাল সমর্থকদের ধাওয়া করে। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় মণিরামপুরের ঘুঘুরাইল গ্রামের সিদ্দিকুর রহমান (৪২) ও কাশীপুর গ্রামের মিজানুর রহমান (২৫) ও মালেককে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জিহাদুজ্জামান জানান, তরুণ লীগ নেতা মারুফ হোসেনের বাড়িতে হামলার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কয়েকজন আহত হয়েছে।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

কিশোরগঞ্জ:  দুপুর ১২টার দিকে একদল পিকেটার জজ কোর্টের সামনে একটি যাত্রিবাহী পিকআপে আগুন দেয়। ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌছার আগেই পিকআপটি ভস্মীভূত হয়ে যায়।

এছাড়া হরতাল সমর্থরা বিভিন্ন স্থানে ৮/১০টি গাড়ি ভাংচুরও করে।

পুলিশ ভাংচুরে জড়িত সন্দেহে বিএনপির চার কর্মীকে আটক করেছে।

হরতালে দূরপাল্লার সব ধরনের যান চলাচল ছিল। বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠানসহ অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান।

তবে ট্রেন চলাচল করেছে। রিকশাসহ অন্যান্য হাল্কা যান চলাচলও সীমিত আকারে ছিল।

কুড়িগ্রাম : সকালে হরতালের সমর্থনে বিএনপির একটি মিছিল থেকে কয়েকজন কর্মী প্রেসক্লাব্, রাজারহাট ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের অফিস, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নুর মোহাম্মদ আক্তারুজ্জামানের ব্যবসা প্রতিষ্ঠান ও আওয়ামী লীগ সমর্থকদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।

তারা সোনালী ব্যাংক ভবনের গ্লাস ভাংচুর করে এবং রাস্তার উপর দাঁড়িয়ে থাকা তিনটি মোটরসাইকেল ভাংচুর করে এবং একটিতে আগুন ধরিয়ে দেয়।

লুটপাট চালায় এক আওয়ামী লীগকর্মীর মিল ও চাতালসহ প্রেসক্লাবে।

এর জেরে আওয়ামী লীগকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি ডা. ওয়াহেদ রফিকের চেম্বারসহ দলের সমর্থকদের ৬টি দোকান ভাংচুর করে। লুটপাট করে দুটি কাপড়ের দোকান।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালমনিরহাট: দুপুর দেড়টার দিকে হরতালবিরোধী মিছিল বের করে জেলা ছাত্রলীগ। মিছিলটি মিশন মোড় হয়ে কালীবাড়ী যাওয়ার পথে কয়েকজন নেতাকর্মী শহরের বিডিআর গেট এলাকার ইসলামী ব্যাংকের এটিএম বুথে হামলা চালায়। 

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লালমনিরহাটে ইসলামী ব্যাংকের এটিএম বুথের শাখা ব্যবস্থাপক সোলায়মান আলী বলেন, বুথের মনিটর ভাংচুর করা হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ: মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী বলেন, বিএনপি নেতাকর্মীরা সকাল ১০টায় মান্দা উপজেলার প্রসাদপুরে রাজশাহী-নওগাঁ সড়ক আধাঘন্টা অবরোধ করে রাখে।

পরে পুলিশ এসে অবরোধ তুলে নেয়।

মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ বলেন, খাজুর মোড়ে সকাল ১০টায় হরতাল সমর্থকরা ৫টি অটোটেম্পু ভাংচুর করেছে। এ সময় পুলিশ ও হরতাল কারীদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

এছাড়া বেলা ১২টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় পিকেটাররা একটি চালবাহী ট্রাক্টর ও ২টি নছিমন ভাংচুর করেছে বলেও তিনি জানান।

নারায়ণগঞ্জ: সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুরে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল থেকে টায়ারে অগ্নিসংযোগ এবং দুটি সিএনজি অটোরিকশা ও একটি ট্রাকসহ ৪টি গাড়ি ভাংচুর করেছে।

এদিকে সকাল সোয়া ৮টার দিকে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় পিকেটাররা সড়কে কাঠের গুড়িতে অগ্নিসংযোগ করে। এসময় তারা দুটি ট্রাক ও তিনটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে।

পরে পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

নরসিংদী : সকালে হরতাল সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কে গাছ ফেলে অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। এ সময় পুলিশ বাধা দিলে হরতাল সমর্থকরা তাদের উপর চড়াও হয়।

এ সময় পুলিশ পিছু হটলে হরতাল সমর্থকরা মহাসড়কের পাশে কয়েকটি দোকান ভাংচুর করে।

এর আগে হরতালকারীরা সদর উপজেলার চিনিশপুরে রেল লাইনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ গিয়ে জনগণের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।     

নেত্রকোনা: পিকেটারদের দেয়া পেট্রোলের আগুনে অটোরিকশার দুই যাত্রী গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

দগ্ধ হন সদরের শালজান গ্রামের মাছ বিক্রেতা আব্দুল হামিদ ও একই পেশার উলুয়াটি গ্রামের মস্তু মিয়া।

তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি আজিজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ ১০ থেকে ১২ জন যুবদলকর্মী শহরের আখড়ার মোড়ে অটোরিকশায় পেট্রোল ছুড়ে তাতে আগুন দেয়।

নেত্রকোনা আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসক নিলোৎপল বলেন, আহতদের অবস্থা আশংকাজনক। তাদের প্রথমে নেত্রকোনা সদর হাসপাতালে, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারী: দুপুরে শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ।

অপরদিকে বিএনপি জেলা সদরের সঙ্গে বিভিন্ন উপজেলা সংযোগ সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। এতে জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এছাড়া দুপুরে হরতালের  সর্মথনে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

নোয়াখালী: চাটখিল থানার ওসি মোস্তফা কামাল জানান, চাটখিলের সোমপাড়া ইউনিয়নের করটখিলে হিন্দু সম্প্রদায়ের একটি মন্দিরে সোমবার গভীর রাতে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা।

চাটখিল উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী জানান, রাত আনুমানিক দুইটার দিকে অজ্ঞাত দুর্বত্তরা দেবনাথ বাড়ির মন্দিরে অগ্নিসংযোগ করে চলে যায়। অগ্নিকান্ডে মন্দিরের খাট, কির্তনের সামগ্রী পুড়ে যায় বলে জানান তিনি।

চাটখিল থানার ওসি মোস্তফা কামাল জানান, পাকা ভবনের কারণে অগ্নিকাণ্ডে মন্দিরের তেমন ক্ষতি হয়নি। ঘটনায় জড়িতদের ব্যাপারে খোঁজ নিচ্ছে পুলিশ।

এদিকে হরতালের সমর্থনে সকালে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

পিরোজপুর: সদর উপজেলার নামাজপুরে রাস্তা কেটে ফেলেছে হরতাল সর্থকরা। পিরোজপুর-নাজিরপুর সড়কের ভৈরমপুর মিরুয়ার বেইলি ব্রিজের প্লেট খুলে, রাস্তার পাশের সরকারি গাছ কেটে, টায়ারে জালিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা দিয়েছে তারা।

সকালে একই বাজারে আওয়ামী লীগের এক কর্মীর দোকানে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা এসে নেভায়।

দুপুরে বড় পুলের কাছে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে।

সাতক্ষীরা:, হরতাল চলাকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে বোমা হামলায় এক আওয়ামী লীগকর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইসলামী ছাত্র শিবিরকর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

কলারোয়া থানার ওসি শিকদার আক্কাস আলী বলেন, বিকালে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুকুর আলী (৪০) মারা যান।

আহতরা হলেন উপজেলার বদ্দীপুর গ্রামের মউফুল ইসলাম (৫০), হেলাতলার আনছার আলী (৪০), জিয়ারুল ইসলাম (৩৫), শাকদহার আব্দুল আলিম (৩২) ও কলারোয়ার আবু তাহের বাবলু (৩৫)।

এদের মধ্যে তিনজন যশোর সদর হাসপাতালে এবং দুইজন কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শুকুর আলী উপজেলার কোটা গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগকর্মী বলে জানিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

লাল্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কার্যালয়ে বোমা হামলার সময় তিনি (ভাইস চেয়ারম্যান) ও কলারোয়া যুবলীগ সভাপতি আমিনুল ইসলাম লাল্টু সেখানে উপস্থিত ছিলেন।

“আমি নেতাকর্মীদের নিয়ে কার্যালয়ে ছিলাম। এ সময় মুখে কাপড় বাঁধা শিবির ক্যাডাররা আমার ঘর লক্ষ্য করে বোমা হামলা চালায়,” বলেন লাল্টু।

গাজীপুর: জয়দেবপুর রেলওয়ে জংশনে মঙ্গলবার সকালে একটি ট্রেনে অগ্নিকাণ্ড হয়েছে।

তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির আগে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার জিয়া উদ্দিন সরদার বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য তুরাগ ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল।

ট্রেন ছাড়ার দুই মিনিট আগে হঠাৎ পিছনের বগির দুইটি সিটে আগুন জ্বলতে দেখা যায়।

এ সময়ে ভয় ও আতংকে যাত্রীরা ট্রেন থেকে নেমে ছোটাছুটি শুরু করেন।

পরে স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ও যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।

জিয়াউদ্দিন সর্দার আরো জানান, আগুনে সিট দু’টির রেকসিন পুড়ে গেছে। আগুন নেভানোর পর নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর ট্রেনটি ছেড়ে গেছে।

জয়দেবপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।