কার্যালয় অবরুদ্ধ করে অধিকার হরণ হচ্ছে: রিজভী
হরতালের মধ্যে পুলিশ নয়া পল্টনে বিএনপির কেন্দ্র্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা। তারা বলছেন, কোনো কর্মীকে দলীয় কার্যালয়ের প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ভোর থেকেই পুলিশ বিএনপি কার্যালয় ঘিরে অবস্থান নেয়। কয়েক শ’ পুলিশ ও র্যাবের পাশাপাশি একটি জলকামান, সাঁজোয়া যান এবং প্রিজন ভ্যান দেখা যায় রাস্তায়।
সকাল সাড়ে ৬টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে দিতে মিছিলের চেষ্টা করছে পুলিশ বাঁধা দেয়। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।
এ সময় এক পুলিশের ধাক্কায় রিজভী ফুটপাতে পড়ে যান। এরপর পুলিশ সেখান থেকে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রহমান মানিককে আটক করে নিয়ে যায় বলে বিএনপি নেতারা জানান।
রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের লেবাসে ফ্যাসিবাদী এই সরকার তার পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে নির্মমভাবে হরণ করে চলেছে। তারা কখনোই গণতন্ত্রের তোয়াক্কা করছে না।”
“আমাদের কার্যালয়ের প্রধান ফটকের বাইরে যেতে দিচ্ছে না। পুলিশ ঘিরে রেখেছে। এটাই হচ্ছে- সরকার গণতন্ত্রের নমুনা।”
তিনি দাবি করেন, সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর বাধার পরও সারাদেশে ‘সর্বাত্মক’ হরতাল চলছে বলে তিনি খবর পেয়েছেন।
রিজভীসহ দলের বেশ কয়েকজন নেতাকর্মী সোমবার রাত থেকেই দলীয় কার্যালয়ে অবস্থান নেন। দলের মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ, শাহজাহান মিয়া, মোস্তাফিজুর রহমান বাবুল ও অধ্যাপক আমিনুল হকও তার সঙ্গে ছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাংসদ হারুন অর রশীদ ও দলের নির্বাহী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হানিফও কার্যালয় আসেন। তারা প্রধান ফটকের সামনে চেয়ার নিয়ে বসে পড়েন।
সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি মিছিল থেকে কাকরাইলে বিজয় নগরের কাছে সড়কে শ্লোগান শুরু হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময়ে কয়েকটি সাউণ্ড গ্রেনেড ফাটায় পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
যুদ্ধাপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় আসার পর গত বৃহস্পতিবার সারা দেশে ব্যাপক তাণ্ডব চালায় জামায়াত শিবির কর্মীরা। রায় প্রত্যাখ্যান করে রবি ও সোমবার সারা দেশে ৪৮ ঘণ্টা হরতাল করে দলটি।
আর বৃহস্পতিবার জামায়াতের সহিংসতার সময় গুলিতে হতাহতের ঘটনাকে ‘সরকারে গণহত্যা ’ আখ্যায়িত করে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে জামায়াতের জোটসঙ্গী বিএনপি। জামায়াত এবং ইসলামী ঐক্যজোটও এই হরতালে সমর্থন জানিয়েছে।
