১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাটির পাত্রে রান্নার উপকারিতা

পলিশ করা বা চকচকে মাটির পাত্র রান্নায় ব্যবহার না করারই ভালো।

তৃপ্তি গমেজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2023, 12:15 PM

Updated : 16 Apr 2023, 12:15 PM

পহেলা বৈশাখ বা অন্যান্য অনুষ্ঠানে মাটির পাত্রে রান্না ও খাবার পরিবেশন করা অতিথিদের কাছে রুচিবোধের বহিঃপ্রকাশ ঘটায়।

শুধু তাই নয়, মাটির পাত্রে খাওয়া শরীরের জন্যও উপকারী।

বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফারাহ মাসুদা বলেন, “মাটির পাত্রে রান্না করা হলে খাবারের পুষ্টিগুণ অক্ষুণ্ণ থাকে এবং স্বাদ ভালো হয়।”

কাঁচামাল মাটি হওয়াতে প্রাকৃতিক ক্ষারীয়ভাব বজায় থাকে। খাবারের সঙ্গে বিক্রিয়া করে পিএইচয়ের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

তাছাড়া রান্নায় তেল কম লাগে। খাবারের মাধ্যমে বাড়তি তেল খাওয়ার ঝুঁকি কমে।

বাজারে পলিশ করা মাটির হাঁড়ি পাতিল পাওয়া যায়। এগুলো দেখতে সুন্দর হলেও এসব পাত্রে রান্না করা খাবার অনেক ক্ষেত্রে অস্বাস্থ্যকর।

এ বিষয়ে সতর্ক করে ফারাহ মাসুদা বলেন, “পলিশ করা বা চকচকে মাটির পাত্র রান্নায় ব্যবহার না করারই ভালো। পলিশের সময় রাসায়নিক উপাদান ব্যবহারে এর প্রাকৃতিক গুণাগুণ নষ্ট হয়। ফলে অনেকক্ষেত্রে খাবারে বিষক্রিয়া দেখা দিতে পারে।”

রান্নায় পলিশ করা মাটির পাত্র ব্যবহার না করে পরিবেশনে ব্যবহারের পরামর্শ দেন তিনি। 

“বৈশাখ বা যে কোনো অনু্ষ্ঠানে দেশীয় কাঁচামাল যেমন- মাটি, বাঁশ, বেত ইত্যাদির তৈরি পণ্য ব্যবহারে মনে কোমল ও প্রশান্তিভাব আনে,” বলেন বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিল্পকলা ও সৃজন শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ইসমাত জাহান।

তিনি আরও বলেন, “অতিথি আপ্যায়নে মাটির কাপ, পিরিচ, প্লেট, গ্লাস ইত্যাদির ব্যবহার সুরুচির প্রমাণ দেয়।”

এছাড়াও ঘরের সৌন্দর্য বাড়াতে বসার ঘরে মাটির শো-পিস বা বড় মাটির পাত্রে পানি রেখে তাতে কয়েকটা গোলাপের পাপড়ি আর ওপরে কয়েকটা ভাসমান মোম রেখে দিয়ে ঘরে স্নিগ্ধ ও উৎসবমুখর আমেজ আনা যায়।

বর্তমানে নানান রকম আধুনিক নকশা ও আকারের মাটির তৈরি তৈজস পাওয়া যায়। এগুলো দেখতে যেমন সুন্দর ও কাজের তেমনি সহায়ক।

শখের পাশাপাশি ঐতিহ্যকে ধরে রাখতে এবং খাবার টেবিলের শোভা বাড়াতে মাটির তৈজস ব্যবহার করা যেতেই পারে।

আরও পড়ুন

পুরানো খবর:

অ্যালুমিনিয়ামের পাত্রে রান্নায় ঝুঁকি

পুরানো খবর:

অ্যালুমিনিয়াম ফয়েল অবশিষ্ট খাবার রাখার জন্য উপযুক্ত নয়

পুরানো খবর:

রান্নার পাত্র থেকে দাগ তুলতে

পুরানো খবর:

পিতলের তৈজস চকচকে রাখার পন্থা