লক্ষ্মীপুরে মাটির নিচে দুধের কৌটায় রাখা ১১ ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয়
মঙ্গলবার উদ্ধার করার পর থেকে বোমাগুলো পুলিশি পাহারায় রাখা হয়েছিল।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বাড়ির উঠানের মাটির নিচে দুধের কৌটায় পুঁতে রাখা ১১টি ‘শক্তিশালী আইইডি’ বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
এর মধ্যে ছয়টি বড় ও পাঁচটি ছোট বোমা ছিল।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল বেপারীর খেয়াঘাটের উত্তর পাশে একটি ফসলি জমিতে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানান রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া।
পুলিশ জানায়, মঙ্গলবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠানের মাটির নিচে দুটি দুধের কৌটায় রাখা বোমাগুলো উদ্ধার করা হয়। এরপর সেগুলো পুলিশ পাহারায় রাখা হয়।
আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়। বুধবার রাতে দলটির চার সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ৩ নভেম্বর রাতে উত্তর চরবংশী ইউনিয়নের খাসের হাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সাইফুল ইসলাম নামে এক যুবক বিএনপি নেতা ওবায়দুল্লাহসহ তিনজনকে ছুরিকাঘাত করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরদিন তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পুলিশের ভাষ্য, সুজন নামে ওই যুবক প্রায় দুই মাস ধরে বোমা উদ্ধারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার তার ঘর থেকে বোমা তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। সুজনের বিরুদ্ধে করা মামলায় আরও সাতজনের নাম রয়েছে। তাদের মধ্যে চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন গাজী ও তার ছেলে উপজেলা কৃষকদলের সাবেক সদস্যসচিব শামীম গাজীও রয়েছেন।
ওসি বলেন, “সুজন নামে এক যুবক তিনজনকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় তাকে আটক করে পরে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার ভাড়া বাসা থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং বাড়ির উঠান থেকে দুধের কৌটায় রাখা ১১টি বোমা উদ্ধার করা হয়। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেগুলো নিষ্ক্রিয় করেছে। বিশেষজ্ঞ দল জানিয়েছে, বোমাগুলো শক্তিশালী আইইডি ছিল।”
