১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

হাঙ্গেরির সাবেক মন্ত্রীর খামারবাড়ি, গুদাম, মাটির নিচে লুকানো ২ কোটি ডলার উদ্ধার

এসব অর্থ গুণতে পাঁচটি টাকা গোনার মেশিন দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।

হাঙ্গেরির সাবেক মন্ত্রীর খামারবাড়ি, গুদাম, মাটির নিচে লুকানো ২ কোটি ডলার উদ্ধার

ভিক্টর অরবানের শাসনামলে হওয়া দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক দমন অভিযানের মধ্যে এই অর্থ উদ্ধার হয়েছে। ছবি: হাঙ্গেরির জাতীয় সম্পদ উদ্ধার ও সুরক্ষা দপ্তর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Nov 2026, 10:21 PM

Updated : 14 Nov 2026, 10:21 PM

হাঙ্গেরির সদ্য সাবেক ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের মন্ত্রী মিক্লোশ সেসতাকের বিরুদ্ধে ঘুষের তদন্ত করতে গিয়ে প্রায় দুই কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। এসব অর্থের কিছুটা খামারবাড়ি, গুদামঘরে লুকিয়ে রাখা হয়েছিল আর বাকিটা নিকটবর্তী বনের ভেতরে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।

চলতি বছরের এপ্রিলের জাতীয় নির্বাচনে টানা ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা জাতীয়তাবাদী নেতা অরবানকে পরাজিত করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী হন পেতের মদিয়র। অরবানের আমলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কের যে অবনতি হয়েছিল তা মেরামত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

রয়টার্স জানিয়েছে, দুর্নীতির পৃথক দুটি মামলায় অরবান সরকারের সাবেক দুই মন্ত্রী, সেসতাক ও বালাজ হাঙ্কো এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান জ্যোর্জ মাতোলচি এখন কারাগারে আছেন। তবে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

কর্তৃপক্ষ মানব পাচারের এক মামলায় অরবানের ভাইকেও আটক করেছে। তবে তার ভাইয়ের বিরুদ্ধে আনা এই অভিযোগকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে খারিজ করে দিয়েছেন অরবান।

কঠোর এসব পদক্ষেপ নতুন সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। প্রধানমন্ত্রী মদিয়র এই অভিযানের নাম দিয়েছেন ‘অপারেশন পারগেটরি’। চলতি সপ্তাহে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, দেশটির ৭০ শতাংশ মানুষ এই অভিযানকে ‘খুবই জরুরি’ বলে মনে করছেন।

শুক্রবার রাতে দেশটির জাতীয় সম্পদ উদ্ধার ও সুরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, “তদন্তকারীরা তল্লাশির সময় একটি খামারের বিভিন্ন ভবনে, গুদামঘরে, একটি বাড়িতে ও নির্জন স্থানে অত্যন্ত সুরক্ষিত সিন্দুকে লুকিয়ে রাখা এবং বনের মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ নগদ অর্থ খুঁজে পান।”

মদিয়র সরকারের অর্থমন্ত্রী আন্দ্রাস কারমান জানান, নগদ ৫০৭ কোটি ফরিন্ট (প্রায় ১ কোটি ৫৩ লাখ ডলার), ২৬ লাখ ৬০ হাজার ইউরো (২৯ লাখ ৩০ হাজার ডলার) ১২ লাখ ৬০ হাজার ডলার উদ্ধার হয়েছে। এসব অর্থ গুণতে পাঁচটি টাকা গোনার মেশিন দিয়ে রাষ্ট্রীয় কোষাগারের ১২ জন কর্মীর আট ঘণ্টা সময় লেগেছে।

সেসতাক ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত অরবান সরকারের উন্নয়ন মন্ত্রী ছিলেন। তিনি কোনো অনিয়মের কথা অস্বীকার করেছেন।

প্রধানমন্ত্রী মদিয়র বলেছেন, উদ্ধারকৃত এই নগদ অর্থ অরবানের ১৬ বছরের শাসনামলে তার ডানপন্থী ফিদেজ পার্টি এবং ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট মিত্রদের নেতৃত্বাধীন একটি 'মাফিয়া' শাসনের অবসান নির্দেশ করছে।

রাষ্ট্রবিজ্ঞানী গাবোর তোরোকের মতে, টাকার স্তূপের এই ছবিগুলো মানুষের মনে এতটাই দাগ কেটেছে যে তা ফিদেজ পার্টির জন্য চরম সর্বনাশ ডেকে আনবে। জরিপ বলছে, নির্বাচনের আগের তুলনায় দলটির জনসমর্থন নভেম্বরে অর্ধেক হ্রাস পেয়ে মাত্র ১৬ শতাংশে নেমে এসেছে।