বাজেট সংশোধন: ব্যয়ে কড়াকড়ি, অতিরিক্ত বরাদ্দের সুযোগ নেই
নির্দেশনা অনুযায়ী নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ, যানবাহন কেনা, বিদেশ প্রশিক্ষণ ও সেমিনারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সংশোধনের সময় মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে মূল বাজেটের ব্যয়সীমার মধ্যে থাকার নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ।
নির্দেশনা অনুযায়ী নতুন আবাসিক ও অনাবাসিক ভবন নির্মাণ, যানবাহন কেনা, বিদেশ প্রশিক্ষণ ও সেমিনারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। অতিরিক্ত বরাদ্দ চাওয়ার সুযোগও রাখা হয়নি।
চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে সোমবার অর্থ বিভাগের বাজেট অনুবিভাগ-১ ‘বাজেট পরিপত্রে’ এ নির্দেশনা জারি করে। এতে প্রাক্কলন জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর। সে হিসাবে মন্ত্রণালয় ও সংস্থাগুলো সময় পাচ্ছে ১৭ দিন।
বাজেট পরিপত্রে ব্যয়সীমা নির্ধারণ প্রসঙ্গে বলা হয়েছে, সংশোধিত প্রাক্কলন মূল বাজেটে দেখানো মোট ব্যয়সীমার (পরিচালন ও উন্নয়ন) মধ্যে সংকুলান করতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বরাদ্দ দাবি করা যাবে না।
উন্নয়ন থেকে পরিচালনে ব্যয় করা যাবে না। অর্থাৎ মূল উন্নয়ন বাজেটের কোনো অর্থ অব্যয়িত থাকবে মনে হলেও তা পরিচালন বাজেটে নেওয়া যাবে না।
পরিচালন বাজেটে নতুন আবাসিক, অনাবাসিক ও অন্যান্য ভবন নির্মাণ বন্ধ রাখা হয়েছে। তবে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের স্থাপনা এবং ৭০ শতাংশ সম্পন্ন চলমান কাজ এর বাইরে থাকবে।
মোটরযান, জলযান ও আকাশযান কেনায় বরাদ্দ বন্ধ থাকবে। সীমিত ব্যতিক্রম হিসেবে কেনা জিপ বা কার হতে হবে পুরোপুরি ইলেকট্রিক ভেহিকল (এফইভি)।
এছাড়া পরিচালন বাজেটে ভূমি অধিগ্রহণে বরাদ্দ নেই। সরকারি কর্মচারীদের গাড়ি কেনার সুদমুক্ত বিশেষ অগ্রিমের বরাদ্দও থাকবে না।
সরকারি অর্থে সব ধরনের বিদেশি প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে ‘অত্যাবশ্যকীয়’ ক্ষেত্রে সীমিত ব্যতিক্রম রাখার কথা বলেছে অর্থ বিভাগ।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত ১১ জুন সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। পরে তা পাস হয়। বাজেটের এ আকার ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৯ শতাংশ বেশি।
২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। পরে সংশোধন করে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নেমে আসে।
ব্যয় কমাতে পুরোনো নির্দেশনা বহাল
২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয় কমাতে অর্থ বিভাগ গত ৮ জুলাই ও ২১ সেপ্টেম্বর যে দুটি পরিপত্র জারি করেছিল, এই প্রাক্কলনেও তা অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা, পাবলিক সেক্টর করপোরেশন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানির ওপর প্রযোজ্য।
এসব নির্দেশনায় নতুন ভবন নির্মাণ, গাড়ি কেনাসহ বিভিন্ন বিষয়ে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়।
