Published : 02 Apr 2026, 12:40 PM
সাধারণত ভালো ঘুমের জন্য খাদ্যাভ্যাস, মানসিক চাপ কিংবা জীবনযাত্রার দিকে নজর দেওয়া হয়। তবে মুখগহ্বরের স্বাস্থ্যও ঘুমের মানের সঙ্গে জড়িত।
বিশেষজ্ঞদের মতে- দাঁত, মাড়ি এবং শ্বাস-প্রশ্বাসের ধরন ঘুমের গুণগত মানকে সরাসরি প্রভাবিত করতে পারে। অনেক সময় মুখের ভেতরের ছোট ছোট সমস্যা রাতের ঘুমকে ব্যাহত করে।
মুখই হতে পারে ঘুমের অবস্থা বোঝার মাধ্যম
মুখ শরীরের শ্বাসনালী ও স্নায়ুতন্ত্রের রাতের কার্যক্রম বোঝার অন্যতম মাধ্যম। ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যা বা পেশির অস্বাভাবিক কার্যকলাপ হলে মুখে সেসবের স্পষ্ট চিহ্ন দেখা যায়।
যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসক ম্যাক্স কের রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “দাঁত ঘষা, জিহ্বার কিনারে ঢেউ খেলানো দাগ, মুখ শুকিয়ে যাওয়া কিংবা মাড়ির প্রদাহ— এসব লক্ষণ অনেক সময় সাধারণ দাঁতের সমস্যা মনে হলেও, এগুলো ঘুমের ব্যাঘাতের ইঙ্গিত হতে পারে।”
অর্থাৎ, সমস্যা শুধু মুখে সীমাবদ্ধ নয়, বরং তা পুরো শরীরের ঘুমের প্রক্রিয়ার সঙ্গে জড়িত।
মাড়ির সমস্যার সঙ্গে ঘুমের সম্পর্ক
মাড়ি লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা বা কালচে দেখানো এসবই প্রদাহের প্রাথমিক লক্ষণ। সময়মতো চিকিৎসা না করলে যা আরও গুরুতর হয়ে দাঁতের ভিত্তি দুর্বল করে। এতে দাঁত নড়বড়ে হয়ে যাওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়।
ম্যাক্স কের বলেন, “দীর্ঘমেয়াদি মাড়ির প্রদাহ শুধু মুখেই সীমাবদ্ধ থাকে না, এটি শরীরজুড়ে প্রদাহ বাড়াতে পারে, যা হৃদরোগ কিংবা বিপাকজনিত সমস্যার সঙ্গেও সম্পর্কিত। বিশেষ করে যারা মুখ দিয়ে শ্বাস নেন বা যাদের মুখ শুকিয়ে যায়, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।”
ঘুমের সময় লালা কম তৈরি হলে মুখের ভেতরের জীবাণুর ভারসাম্য নষ্ট হয়, যা মাড়ির রোগ বাড়িয়ে দেয় এবং একই সঙ্গে ঘুমের মানও খারাপ করে।
দাঁতে দাঁত ঘষা ও ঘুমের ব্যাঘাত
দাঁতের উপরিভাগ ক্ষয়ে যাওয়া, দাঁত ভেঙে যাওয়া কিংবা অতিরিক্ত সংবেদনশীলতা— এসবই দাঁতে দাঁত ঘষার লক্ষণ। অনেকেই এটিকে মানসিক চাপের ফল মনে করেন। তবে বাস্তবে এটি ঘুমের সময় শ্বাস-প্রশ্বাসের সমস্যার সঙ্গে জড়িত হতে পারে।
ম্যাক্স কের ব্যাখ্যা করেন, “যখন শ্বাসনালী আংশিকভাবে বন্ধ হয়ে আসে, তখন মস্তিষ্ক চোয়ালের পেশিকে সক্রিয় করে শ্বাসনালী খোলার চেষ্টা করে। এর ফলে দাঁত ঘষা শুরু হয়, যা সারারাত বারবার ঘটে এবং ঘুম ভেঙে দেয়। দীর্ঘদিন এভাবে চলতে থাকলে ঘুম ভাঙা, ক্লান্তি এবং মাথাব্যথার মতো সমস্যাও তৈরি হয়।”
মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রভাব
ঘুমের সময় অনেকেই অজান্তেই মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করেন। এতে মুখ শুকিয়ে যায়, দুর্গন্ধ তৈরি হয় এবং দাঁতে প্লাক জমে। কারণ, লালা মুখের ভেতরের জীবাণু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ।
মুখ দিয়ে শ্বাস নেওয়া নাকের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসকে বাধাগ্রস্ত করে, যা শ্বাসনালীকে দুর্বল করে দেয়। এর ফলে নাক ডাকা কিংবা ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
ফলে ঘুম ভেঙে যায় এবং শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায় না।
ক্যাভিটি’র সমস্যা ও রাতের অস্বস্তি
ছোট একটি দাঁতের ক্ষয়ও রাতে বড় সমস্যার কারণ হতে পারে। দিনে সামান্য অস্বস্তি থাকলেও, রাতে তা তীব্র ব্যথায় পরিণত হতে পারে।
রাতে শরীরের ব্যথা সহ্য করার ক্ষমতা কমে যায় এবং প্রদাহজনিত উপাদানগুলো বেশি সক্রিয় হয়। ফলে সামান্য ‘ক্যাভিটি’ও গভীর ঘুমে বাধা সৃষ্টি করে।
অনেক সময় রোগীরা বুঝতেই পারেন না যে, তাদের ঘুমের সমস্যা আসলে দাঁতের একটি ছোট সমস্যার কারণে হচ্ছে।
ঘুমজনিত জটিলতার ইঙ্গিত
মুখের কিছু লক্ষণ বড় ধরনের ঘুমজনিত সমস্যার দিকেও ইঙ্গিত করতে পারে। এর মধ্যে একটি হল ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া’, যেখানে ঘুমের সময় শ্বাসনালী বারবার বন্ধ হয়ে যায়।
ক্যালিফোর্নিয়া’র দন্ত চিকিৎসক অ্যাশলি স্পুনার বলেন, “এই সমস্যায় বারবার শ্বাস বন্ধ হওয়া এবং অক্সিজেনের ঘাটতি তৈরি হয়, যা হৃদযন্ত্রের ওপর চাপ ফেলে। ফলে উচ্চ রক্তচাপ, হৃদস্পন্দনের অনিয়ম, স্ট্রোকের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদি ক্লান্তি দেখা দিতে পারে।”
তিনি আরও বলেন, “এই ধরনের সমস্যা স্মৃতিশক্তি, মনোযোগ এবং প্রতিদিনের কাজের সক্ষমতাকেও প্রভাবিত করে।”
সহজ কিছু অভ্যাসে ঘুমের উন্নতি
ঘুমানোর আগে দাঁতের ফাঁক পরিষ্কার করা জরুরি। কারণ, রাতে লালা কম তৈরি হয়, ফলে মুখের জীবাণু সহজেই সক্রিয় হয়ে ওঠে।
দাঁতের ফাঁকে জমে থাকা জীবাণু পরিষ্কার না করলে তা মাড়ির প্রদাহ বাড়ায় এবং শরীরজুড়ে প্রদাহ সৃষ্টি করে, যা গভীর ঘুমে বাধা দেয়।
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দিনে পর্যাপ্ত পানি পান করা উচিত যাতে রাতে মুখ শুকিয়ে না যায়। পাশাপাশি দিনের বেলায় নাক দিয়ে শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুললে রাতে সেটি বজায় রাখা সহজ হয়।
রাতে অতিরিক্ত চা, কফি বা ভারী খাবার খাওয়াও ঘুমের সমস্যা বাড়াতে পারে। এগুলো শরীরের স্বাভাবিক ঘুমের প্রক্রিয়াকে ব্যাহত করে এবং মুখের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে।
আরও পড়ুন