গারোদের ঐতিহ্যবাহী পদ ‘সংগরফা’: রইল সহজ রেসিপি
তেল ছাড়া রান্নায় সামান্য মসলার জাদুতে তৈরি করা যায় গারোদের এই স্বাস্থ্যকর পদ।
গারো বা আচিক সম্প্রদায়ের রান্নায় সাধারণত তেল ছাড়া খাবারে সোডা বা ক্ষারের ব্যবহার বেশি দেখা গেলেও, তাদের এমন একটি ঐতিহ্যবাহী পদ রয়েছে যা সোডা ও তেল— দুই উপাদান ছাড়াই তৈরি হয়।
সুস্বাদু এবং ঝটপট তৈরি হওয়া এই বিশেষ পদের নাম ‘সংগরফা’।
সংগরফা কী?
![]() |
গারো রন্ধনশিল্পীর হিরা রেমা বলেন, “কোনো প্রকার তেল এবং খাবার সোডা (ক্ষার) ছাড়া, শুধু চেপা শুঁটকি, রসুন ও সামান্য কিছু ঘরোয়া মসলা দিয়ে মাছ বা সবজির যে বিশেষ তরকারি রান্না করা হয়, তাকে গারো ভাষায় ‘সংগরফা’ বলা হয়।” |
এই রান্নার প্রধান বৈশিষ্ট্য হল, এতে শুঁটকি এবং রসুনের স্বাদ ও ঘ্রাণ প্রবল থাকতে হবে।
উপকরণ
সংগরফা রান্নার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। ঘরে থাকা সাধারণ কিছু জিনিস দিয়েই এটি করা সম্ভব।
- মাছ: ৪ টুকরা (যেকোনো পছন্দসই মাছ)
- চেপা শুঁটকি: ৭টি
- পেঁয়াজ: ১টি (কুচি করা)
- রসুন বাটা বা কুচি: ১ চা-চামচ
- হলুদ গুঁড়া: ১ চা-চামচ
- মরিচ গুঁড়া: দেড় চা-চামচ
- লবণ: পরিমাণ মতো
- পানি: সামান্য (রান্না মাখো মাখো করার জন্য)
- সবজি (ঐচ্ছিক): রান্নার স্বাদ বাড়াতে লতি কিংবা যে কোনো পছন্দসই সবজি এতে যোগ করা যেতে পারে।
পদ্ধতি
প্রথমে একটি রান্নার পাত্রে বা কড়াইয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছ এবং চেপা শুঁটকিগুলো নিন। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিন।
সবজি যোগ করা (যদি দিতে চান): এটি লতি বা অন্য কোনো সবজি দিয়ে রাঁধতে চাইলে, এই ধাপেই সবজিগুলো কড়াইয়ের বাকি উপকরণের সঙ্গে দিয়ে দিতে হবে।
হাতে মাখানো: এবার কড়াইয়ের সব উপকরণ হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে মেখে নিন। মাখানো শেষে রান্নার জন্য এতে সামান্য পরিমাণে পানি মিশিয়ে দিন।
চুলায় রান্না: এবার পাত্রটি সরাসরি চুলার মাঝারি আঁচে বসিয়ে দিন। তরকারির পানি শুকিয়ে মাখো মাখো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
নামিয়ে পরিবেশন: পানি পুরোপুরি শুকিয়ে শুঁটকি ও মাছের সুবাস বের হলেই তৈরি হয়ে গেল তেল ছাড়া স্বাস্থ্যকর ‘সংগরফা’।
গরম গরম ভাতের সাথে এই সংগরফা খেতে অপূর্ব লাগে। কম সময়ে ও কম খরচে দুপুরের বা রাতের খাবারে ভিন্ন স্বাদ আনতে এই রেসিপি দারুণ একটি বিকল্প হতে পারে।
আরও রেসিপি

