Published : 24 Jun 2026, 01:30 AM
তিন বছরের নতুন চুক্তি শেষ হয়ে গেল এক বছরেই। বার্সেলোনা ছেড়ে গ্রিক ক্লাব পানাথিনাইকসে যোগ দিচ্ছেন স্প্যানিশ গোলরক্ষক ইনাকি পেনিয়া।
লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে এই খবর জানিয়েছে।
২০১২ সালে বার্সেলোনার যুব দলে যোগ দেন পেনিয়া। গালাতাসারাইয়ে ধারে খেলার পর, ২০২৩ সালে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। কাতালান দলটির হয়ে লা লিগায় ২৮ ম্যাচে ১০টি জাল অক্ষত রাখেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।
২০২৪ সালে বার্সেলোনার তখনকার প্রথম পছন্দের গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন হাঁটুর চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেলে পেনিয়ার ওপর আস্থা রাখেন কোচ হান্সি ফ্লিক। পরে ভয়চেক স্ট্যান্সনির কাছে জায়গা হারান তিনি।
গত বছরের অগাস্টে বার্সেলোনার সঙ্গে তিন বছরের নতুন চুক্তি করেন পেনিয়া। তবে তাকে ধারে পাঠানো হয় এলচেতে। সেখানে এক মৌসুম কাটিয়ে এবার নতুন ঠিকানায় যোগ দিচ্ছেন তিনি।