Published : 28 Jan 2026, 01:14 PM
দাঁত ও মাড়ির স্বাস্থ্য রক্ষায় নিয়মিত ও সঠিকভাবে ব্রাশ করা অপরিহার্য।
অনেকেই দাঁত ব্রাশ করেন, তবে সঠিক কৌশল ও উপযুক্ত ব্রাশ ব্যবহার না করলে প্লাক অপসারণ অসম্পূর্ণ থেকে যায়।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হাসপাতালের দন্তচিকিৎসক ডা. মো. সেলিম ইফতিখারের মতে, টুথব্রাশের আকার, বিশেষ করে মাথার আকার— দাঁত পরিষ্কারের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিদিন দাঁত মাজার সঠিক কৌশল
প্রতিদিন অন্তত দুবার, সকালে এবং রাতে ঘুমানোর আগে— দাঁত ব্রাশ করা উচিত। প্রতিবার কমপক্ষে দুই মিনিট সময় নিয়ে দাঁত মাজতে হবে।
ব্রাশটি দাঁতের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে রেখে দাঁত ও মাড়ির সংযোগস্থল থেকে শুরু করুন। দাঁতের গোড়ার দিকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে ও হালকা ঝাঁকিয়ে পরিষ্কার করুন।
সামনের দাঁতের পেছনের অংশ, মাড়ির ভেতরের দিক এবং চিবানোর পৃষ্ঠ সবকিছু ভালোভাবে মাজুন।
দাঁতের ফাঁকে খাদ্যকণা অবশিষ্ট থাকলে ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। কারণ সবকিছু ব্রাশ দিয়ে পরিষ্কার হয় না।
টুথব্রাশ যখন পরিবর্তন করবেন
ব্রাশের ‘ব্রিসলস’ যখন ছড়িয়ে-ছিটিয়ে যায়, বাঁকা হয়ে যায় বা সমতল অবস্থান হারায়, তখনই এটি পরিবর্তন করা প্রয়োজন।
ডা. ইফতিখারের মতে, “সাধারণত নিয়মিত ব্যবহারে দুই থেকে তিন মাস পর ব্রাশের কার্যকারিতা কমে যায়।”
বড় মাথা না ছোট মাথার ব্রাশ— কোনটি উত্তম?
অনেকে ভাবেন বয়স বাড়লে বড় মাথার ব্রাশ প্রয়োজন, তবে এই ধারণা সঠিক নয়।
এই চিকিৎসক ব্যাখ্যা করেন, “বেশিরভাগ প্রাপ্তবয়স্কের জন্য ছোট বা স্ট্যান্ডার্ড আকারের মাথার ব্রাশ (প্রায় আধা ইঞ্চি চওড়া ও এক ইঞ্চি লম্বা) সবচেয়ে কার্যকর। ছোট মাথা মুখের কঠিন স্থানে, যেমন- পেছনের দাঁত বা ‘মোলার’-এর পেছনে সহজে পৌঁছায় এবং ভালোভাবে পরিষ্কার করে।”
বড় মাথার ব্রাশ দ্রুত মুখের পুরো জায়গা দখল করলেও ব্রাশ ঘোরাতে সমস্যা হয় এবং কিছু অংশ বাদ পড়তে পারে।
ডা. ইফতিখার আরও পরামর্শ দেন, “মাড়ির ধরন বিবেচনা করে বেছে নিতে হবে ব্রাশ। নরম বা মাঝারি মাড়ির জন্য নাইলনের নরম ব্রিসলস-যুক্ত ব্রাশ উপযোগী। শক্ত ব্রিসলস মাড়ির ক্ষতি করতে পারে, এনামেল ক্ষয় করতে পারে এবং দাঁতের শিকড় উন্মুক্ত করে সংবেদনশীলতা বাড়াতে পারে।”
ব্রাশের মাথা যত ছোট হবে, তত সহজে মাড়ির শেষ সীমানা পর্যন্ত পৌঁছানো যায়। এমনকি শিশুদের ব্রাশও প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে।
তবে ব্রাশের ব্রিসলস সবসময় নরম হওয়া উচিত।
দাঁতের স্বাস্থ্য রক্ষায় টুথব্রাশের আকারের চেয়ে সঠিক ব্যবহার, নরম ব্রিসলস এবং নিয়মিত পরিবর্তন বেশি গুরুত্বপূর্ণ।
ছোট বা ‘স্ট্যান্ডার্ড’ মাথার নরম ব্রিসলস-যুক্ত ব্রাশ বেশিরভাগ মানুষের জন্য সর্বোত্তম। ব্যক্তিগত মুখের গঠন ও মাড়ির অবস্থা বিবেচনা করে চিকিৎসকের পরামর্শ নিলে ভালো ফল পাওয়া যায়।
আরও পড়ুন
শুধু চিনি নয়, দাঁতের ক্ষতি করছে আরও যেসব খাবার