Published : 18 Apr 2026, 03:21 PM
প্রতিদিনের খাবারে ভাত অনেকের কাছেই অপরিহার্য। তবে চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় সাদা চালের ভাত নাকি বাদামি বা লাল চালের ভাত?
কারণ পুষ্টিবিদরা বলেন বাদামি চালের ভাত বেশি পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং দীর্ঘমেয়াদে শরীরের জন্য উপকারী। তবে প্রতিদিনই কি বাদামি চাল খাওয়া ভালো? এর প্রভাবই বা শরীরে কীভাবে পড়ে?
বাদামি চালের পুষ্টিগুণ
বাদামি চাল মূলত সম্পূর্ণ শস্য। অর্থাৎ যার বাইরের আবরণটি অক্ষত থাকে। এই অংশেই থাকে অধিকাংশ পুষ্টি। এতে রয়েছে আঁশ, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বিভিন্ন ধরনের ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট।
বারডেম হাসপাতালের পুষ্টি বিভাগের সাবেক প্রধান ও পুষ্টি কর্মকর্তা আখতারুন নাহার আলো বলেন, “এই পুষ্টিগুলো শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। একই সঙ্গে এটি হজম প্রক্রিয়াও উন্নত করে।”
হজম ও পেটের স্বাস্থ্যে প্রভাব
বাদামি চালে থাকা আঁশ হজমের জন্য উপকারী। অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং উপকারী ব্যাকটেরিয়ার জন্য খাবার হিসেবে কাজ করে এটি।
আখতারুন নাহার ব্যাখ্যা করেন, “এই আঁশ থেকে তৈরি কিছু উপাদান অন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে নিয়মিত বাদামি চাল খেলে পেটের নানান সমস্যাও কমে আসতে পারে।”
শক্তি ও রক্তে শর্করা নিয়ন্ত্রণ
বাদামি চাল ধীরে হজম হয়, ফলে এটি শরীরে ধীরে ধীরে শক্তি সরবরাহ করে। এতে হঠাৎ করে রক্তে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।
দীর্ঘ সময় সক্রিয় থাকতে চাইলে বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চাইলে, বাদামি চালের ভাত ভালো বিকল্প হতে পারে।
তাই প্রতিদিনের খাবারে এটি যোগ করলে বরং শরীরের শক্তির মাত্রা স্থিতিশীল থাকে।
ওজন নিয়ন্ত্রণে ভূমিকা
অনেকেই ওজন কমানোর জন্য খাদ্যাভ্যাস পরিবর্তন করেন। বাদামি চালের আঁশ দীর্ঘ সময় পেট ভরা অনুভূতি দেয়। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যায়।
এই পুষ্টিবিদ মনে করেন, “বেশি খাওয়ার প্রবণতা কমে, তাই ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। তবে শুধুমাত্র বাদামি চালের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি “

হৃদস্বাস্থ্যের জন্য উপকারী
বাদামি চালে থাকা কিছু পুষ্টি উপাদান রক্তের চর্বির মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে ভালো কাজ করে।
নিয়মিত আঁশযুক্ত খাবার গ্রহণ হৃদস্বাস্থ্যের জন্য কার্যকর এবং বাদামি চাল সেই তালিকায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে।
সতর্কতার জায়গা কোথায়
যদিও বাদামি চাল পুষ্টিগুণে ভরপুর, তবুও কিছু বিষয় মাথায় রাখা জরুরি।
এতে স্বাভাবিকভাবেই কিছু ক্ষতিকর উপাদান অল্প পরিমাণে থাকতে পারে, যা দীর্ঘদিন অতিরিক্ত খেলে সমস্যা তৈরি করতে পারে।
তাই প্রতিদিন একমাত্র শস্য হিসেবে এটি না খেয়ে মাঝে মাঝে অন্য শস্যও যুক্ত করা ভালো।
এছাড়া এতে থাকা একটি উপাদান শরীরের কিছু খনিজ শোষণে সামান্য বাধা দিতে পারে। সুষম খাদ্য গ্রহণ করলে এটি সাধারণত বড় কোনো সমস্যা তৈরি করে না।
বরং বিভিন্ন ধরনের খাবারের সঙ্গে মিলিয়ে খেলে এর প্রভাব কমে যায়।
যারা সাবধানে খাবেন
যাদের পেটের কিছু বিশেষ সমস্যা আছে, তাদের ক্ষেত্রে বাদামি চালের আঁশ শুরুতে অস্বস্তি তৈরি করতে পারে। তাই ধীরে ধীরে খাদ্যতালিকায় এটি যোগ করা উচিত।
পর্যাপ্ত পানি পানও গুরুত্বপূর্ণ, যাতে হজম প্রক্রিয়া সহজ হয়।
যেভাবে খাওয়া উপকারী
বাদামি চালকে প্রতিদিনের খাবারে যুক্ত করার অনেক উপায় রয়েছে।
পুষ্টিবিদ আলো পরামর্শ দেন, “একটি সুষম খাবারের জন্য প্লেটের একাংশে শস্য, একাংশে প্রোটিন এবং বাকি অংশে সবজি রাখা উচিত। শুরুতে সাদা চালের সঙ্গে মিশিয়ে খেলে স্বাদে অভ্যস্ত হওয়া সহজ হয়।”
ধীরে ধীরে পুরোপুরি বাদামি চালের দিকে যাওয়া যেতে পারে।
আরও পড়ুন
ব্যায়াম করলেও কি সাদা ভাত রুটি বাদ দিতে হয়?