৪০০ ছোঁয়ার আগে স্টেইনকে আমলার শ্রদ্ধার্ঘ্য
চারশ’ উইকেটের হাতছানিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামবেন দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। প্রয়োজন আর মাত্র চার উইকেট। দেশের ইতিহাসের অন্যতম সেরা বোলারের এমন অর্জনের সম্ভাবনায় রোমাঞ্চিত অধিনায়ক হাশিম আমলা।
৭৮ টেস্টে ৩৯৬ উইকেট নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করবেন স্টেইন। দক্ষিণ আফ্রিকার হয়ে চারশ উইকেট ছুঁয়েছেন কেবল শন পোলক (১০৮ টেস্টে ৪২১)।
এই টেস্টেই স্টেইন ৪ উইকেট পেলে টেস্ট ইতিহাসে সেটি হবে দ্বিতীয় দ্রুততম, পেসারদের মধ্যে দ্রুততম। ৭২ টেস্টে ৪০০ উইকেট ছুঁয়েছিলেন মুত্তিয়া মুরালিধরন। ৮০ টেস্টে ৪০০ ছুঁয়ে রেকর্ড ছিল একসময় নিউ জিল্যান্ডের রিচার্ড হ্যাডলির।
টেস্ট সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক আমলা বললেন, স্টেইনের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় গোটা দল।
“৪০০ উইকেট এমন একটা অর্জন, যা সত্যিই হবে দারুণ স্পেশাল। ওর জন্য তো বটেই, দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের জন্যও। অনেক বছর ধরেই আমাদের জন্য অসাধারণ এক বোলার সে। পারফরম করেছে বিশ্বের সব জায়গায়। আশা করি, এবারই ওর মাইলফলক হয়ে যাবে। ওর সাফল্য সবাই উপভোগও করে, কারণ দলে ওর প্রভাব অনেক।”
পরিসংখ্যানই ফুটিয়ে তুলছে স্টেইনের বিধ্বংসী চেহারা। তবু পরিসংখ্যান বলতে পারছে না সবকিছু। গত এক যুগে টেস্টের সবচেয়ে বড় ম্যাচ উইনার স্টেইন, সবচেয়ে পরিপূর্ণ ফাস্ট বোলারও। সব ধরনের উইকেট ও কন্ডিশনে, সব পরিস্থিতিতে পারফর্ম করেছেন, জিতিয়েছেন দলকে। এই সময়ের ক্রিকেটে যা বিরল।
পেস সহায়ক উইকেটে ভয়্ঙ্কর তো বটেই, নিষ্প্রাণ উইকেটে স্টেইনের বোলিং স্কিল তাকে আলাদা করে তুলেছে সমসাময়িক আর সবার চেয়ে।
দেশের মাটিতে ৪৩ টেস্টে ২২৭ উইকেট তার। আবার মেলবোর্নে ১০ উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার ক্যারিয়ার সেরা বোলিং ভারতের নাগপুরে। যদিও সেই উইকেটে পেসারদের জন্য ছিল সহায়তা।
উপমহাদেশে এমনিতেও দারুণ উজ্জ্বল স্টেইনের রেকর্ড। ৫ উইকেট নিয়েছেন করাচির মরা উইকেটে। শ্রীলঙ্কার পি সারা ওভালে নিয়েছেন ৫ উইকেট। আবার গলের স্পিনিং উইকেটে ৯ উইকেট নিয়ে হারিয়েছেন শ্রীলঙ্কাকে। ৫ উইকেট নিয়েছেন আহমেদাবাদে, ত্রিনিদাদে, হারারেতে, ওভালে। বাংলাদেশে দুটি টেস্ট খেলে ১৪ উইকেট।
মাইলফলক ছোঁয়ার আগে স্টেইনের প্রতি আমলা শ্রদ্ধা নিবেদনে উঠে এল এই সব প্রসঙ্গ।
“পরিসংখ্যান আমি জানি না। তবে জানি যে, উপমহাদেশে ওর রেকর্ড ঘরের মাঠ বা অন্য জায়গার মতো ভালো। খুব বেশি ফাস্ট বোলারের এটা নেই। বল রিভার্স সুইং করা শুরু করলে ওর চেয়ে বিপজ্জনক কেউ নেই। নিষ্প্রাণ উইকেটে ওর মতো বিপজ্জনক বোলার কেউ আছে কিনা সন্দেহ।”
আমলা শোনালেন স্টেইনের সাফল্যের রেসিপিও, “ওর সাফল্যের পেছনে বড় অবদান পরিশ্রম ও নিবেদনের। পরিশ্রম, নিবেদন, সাফল্যক্ষুধা, স্কিল, দলকে জয়ী করার তীব্র আকাঙ্খা, সব মিলিয়েই ওর সাফল্য।”
