চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকও
চ্যালেঞ্জ নিয়ে ওয়ানডে দলকে পাল্টে দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। টেস্টেও বাংলাদেশকে লড়িয়ে এক দলে পরিণত করার চ্যালেঞ্জটা নিচ্ছেন মুশফিকুর রহিম। ওয়ানডের পারফরম্যান্স টেস্ট ক্রিকেটেও বয়ে আনতে চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে দলের ক্রিকেটাররা প্রায় একই। কিন্তু দুই সংস্করণের পারফরম্যান্সে ফারাক প্রায় আকাশ-পাতাল। অনেকের মতে, ওয়ানডেতে বাংলাদেশের বদলে যাওয়ায় বড় অবদান অধিনায়ক মাশরাফির। কিন্তু টেস্ট অধিনায়ক মুশফিক অতটা অনুপ্রাণিত করতে পারছেন না দলকে।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরুর আগের দিন চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বললেন, ব্যাপারটি ভাবাচ্ছে তাকেও। টেস্টে অতটা ভালো করতে না পারার কারণও কিছু খুঁজে পাচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।
দল প্রায় একই। ওয়ানডে সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা একটি দলকে তাই পাচ্ছেন মুশফিক। টেস্টে দলের এই আত্মবিশ্বাসী চেহারা ধরে রাখা কঠিন। এই চ্যালেঞ্জ জয়ে অধিনায়ক তাকিয়ে ব্যাটসম্যানদের দিকে।
“যে কোনো কিছু অর্জন করা আর সেটাকে ধরে রাখা খুব কঠিন। এটাই আমাদের বাংলাদেশ দলের জন্য নতুন চ্যালেঞ্জ। টেস্টে আমাদের দলে ইমরুল, মুমিনুল, রিয়াদ ভাই ফিরেছে। ব্যাটিংটা অনেক সলিড হবে। ব্যাটিং যদি প্রয়োগ অনুযায়ী করে, মাঠে নেমে আমরা ভালো খেলতে পারি, তাহলে এই টেস্টে ভালো করা আমাদের পক্ষে খুবই সম্ভব।”
