টেস্টে বাংলাদেশের আক্রমণের অস্ত্র জুবায়ের
মাত্র চার টেস্ট খেলেই কোচের মন জয় করে নিয়েছেন জুবায়ের হোসেন। এই লেগ স্পিনারকে নিয়ে অনেক বড় আশা চন্দিকা হাথুরুসিংহের। তার বিশ্বাস, বিশ্বের যে কোনো দলের বিপক্ষেই জুবায়েরকে আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় জুবায়েরের। গুরুত্বপূর্ণ সময়ে জুটি ভেঙে স্বাগতিকদের ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে ভালো অবদান রাখেন ১৯ বছর বয়সী এই তরুণ।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলা হয়নি জুবায়েরের। ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ফিরে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। অতিথিদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে যেভাবে ভুগিয়ে বোল্ড করেছেন তাতে মিলেছে বহু দূর যাওয়ার আভাস।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে জুবায়েরকে নিয়ে কথা বলেন হাথুরুসিংহে।
“বাংলাদেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ায় বড় অবদান থাকবে তার (জুবায়ের)। এ নিয়ে কোনো সন্দেহ নেই।”
চার টেস্টে ৩৩.৪৬ গড়ে ১৩ উইকেট নেন জুবায়ের। একবার নেন পাঁচ উইকেট। আর প্রথম শ্রেণির ১১ ম্যাচে তার উইকেট ৪০টি। টেস্টে এই লেগ স্পিনার হতে পারে বাংলাদেশের বড় এক অস্ত্র।
“সে এক জন উইকেট-শিকারি। তাকে বিশ্বের যে কোনো দলের বিপক্ষেই আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে।”
