২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বিনেশন নিয়ে কৌশলী মুশফিক

চট্টগ্রাম টেস্টের আগে সংবাদ সম্মেলনে বারবারই ঘুরে ফিরে প্রশ্ন এলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কি হতে পারে বাংলাদেশের টিম কম্বিনেশন? কিন্তু বারবারই কৌশলী জবাবে তা এড়িয়ে গেলেন অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 04:36 PM

Updated : 12 Oct 2022, 04:03 PM

পুরনো খবর:

বোলারদের কাছে মুশফিকের চাওয়া
টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের
আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা
বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়কের জবাবে মেটেনি সাংবাদিকদের কৌতুহল। সেরা একাদশ না দিলেও ১২ জনের দল সংবাদ সম্মেলনে আগেও কয়েকবার জানানো হয়েছিল। কিন্তু এবার কম্বিনেশন সম্পর্কে অস্পষ্টতা রেখে দিলেন মুশফিক।
 
চার বোলার নিয়ে খেলবেন কিনা প্রশ্নের জবাবে মুশফিকের উত্তর, “চার জন বোলার বা পাঁচ জনও হতে পারে।” 
 
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ বাংলাদেশ দলে বোলার আছেন ছয় জন। স্পিন বিভাগে সাকিবের সঙ্গী তাইজুল ইসলাম ও জুবায়ের হোসেন। পেস বিভাগে আছেন রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমান।   
 
দুই পেসার নিয়ে বাংলাদেশের খেলা অনেকটাই নিশ্চিত। স্পিনে সাকিবের সঙ্গী কতজন হবেন সেই সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। তাইজুল-জুবায়েরের যে কোনো এক জনের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি।   
 
গত কিছু দিন ধরে টেস্টে আট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ। তিন অলরাউন্ডারসহ নয় ব্যাটসম্যান আছে স্বাগতিকদের ১৪ সদস্যের দলে, অধিনায়ক অবশ্য জানান, সাত ব্যাটসম্যানেও ফিরে যেতে পারেন তারা। তবে এই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত করতে পারেননি তারা। 
 

টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হকের খেলা নিশ্চিত। চোট কাটিয়ে দলে ফেরা মাহমুদউল্লাহ ফিরতে পারেন একাদশেও। সাকিব-মুশফিকের খেলা নিয়ে সংশয় থাকার সুযোগই নেই।  দুটি স্থানের জন্য লড়াই হবে সৌম্য সরকার, লিটন দাস ও নাসির হোসেনের মধ্যে। কিপিং নাও করতে পারেন অধিনায়ক, তাই লিটনের খেলা মোটামুটি নিশ্চিত, তবে কম্বিনেশনের কারণে একটু ঝুঁকি নিয়ে হলেও উইকেটের পেছনে দাঁড়াতে পারেন মুশফিক।     ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড় সৌম্য টেস্টে এখনও নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন না। এই সংস্করণে সাত নম্বরে ব্যাট করা সৌম্যর আরেকটা সুযোগ পাওয়াটাই স্বাভাবিক।