২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবহাওয়া বাড়িয়ে দিয়েছে মুশফিকের টস দুর্ভাবনা

আবহাওয়ার কারণে টস নিয়ে সংশয়ে আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ অধিনায়ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, টস জিতলে সিদ্ধান্ত নেওয়ার কাজটা অনেক কঠিন করে দিয়েছে বৃষ্টি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 03:25 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

টেস্টে এখনও পায়ের নিচে শক্ত জমিন খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। এমন একটি দলের অধিনায়কের কাজটি সব সময়ই কঠিন। টস অনেক সময় অধিনায়কের জন্য উভয় সঙ্কট। টস হারলে তো বিপদই। জিতলেও অনেক সময় বিপদ। দল ভালো না করলে প্রশ্নবিদ্ধ হয় টসের সিদ্ধান্ত। মুশফিকও কম সমালোচনার শিকার হননি।

মঙ্গলবার সিরিজের প্রথম টেস্ট শুরুর আগের পরিস্থিতি আরও জটিল করেছে আবহাওয়া। বৃষ্টি থাকলে বা আকাশ মেঘলা থাকলে সিদ্ধান্ত একরকম। রোদ উঠলে আবার আরেক রকম। সোমবার দুপুরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলন শেষে মাঠে হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে মুশফিক বললেন, “আকাশ এরকম মেঘলা থাকলে বা উইকেট ঢাকা থাকলে তো অন্য কিছু ভাবার সুযোগই নেই, টস জিতলে ফিল্ডিংই নিতে হবে।”

এটার যে একটা উল্টো দিকও আছে, সেই যন্ত্রণাটার কথাও আবার নিজে থেকেই বললেন বাংলাদেশ অধিনায়ক।

“সমস্যা হলো, ফিল্ডিং নেওয়ার পর আবহাওয়া ভালো হয়ে যেতে পারে। আবার নাও হতে পারে। বৃষ্টি হতে পারে, যে কোনো সময় রোদও উঠতে পারে। অনেক কিছু ভাবতে হচ্ছে। আবহাওয়া এইরকম থাকলে আসলে টস জিতলে সিদ্ধান্ত অনেক কঠিন হয়ে যায়।”

এখনও পর্যন্ত বাংলাদেশকে ২২ টেস্টে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। টস জিতেছেন ১০টিতে। এরমধ্যে ৪টিতেই বেছে নিয়েছেন ফিল্ডিং। টস জয়ের পর ৪০ শতাংশ সময়ই ফিল্ডিং নেওয়া টেস্টে যথেষ্টই বিরল উদাহরণ।