বাংলাদেশের জন্য দারুণ সুযোগ: মুশফিক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের টেস্ট রেকর্ড বিবর্ণ, আট টেস্টের সাতটিতেই ইনিংস ব্যবধানে হার। এবার সেই রেকর্ড একটু ভালো করার সুযোগ এসেছে স্বাগতিকদের সামনে। খেলোয়াড়রা সবাই ছন্দে থাকায় ভালো করার স্বপ্ন দেখছেন অধিনায়ক মুশফিকুর রহিমও।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন সংবাদ সম্মেলনে অতিথিদের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাসের কথা জানান মুশফিক।
“যদিও এটা ভিন্ন খেলা হবে। তবে আমাদের খেলোয়াড়রা খুব ভালো ছন্দে আছে, এটা আমাদের জন্য দারুণ সুযোগ। যে কোনো ধরনের ক্রিকেটে একটা দলের ব্যাটসম্যান-বোলাররা যদি ছন্দে থাকে সেই দলের ভালো করার সম্ভাবনা বেশি থাকে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জেতায় স্বাগতিকদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
ঈদের দুই দিনের ছুটির পর সোমবার অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে মুশফিক জানান, গত আট মাস ধরে ভালো খেলায় এবার তারা আত্মবিশ্বাসী।
“কেবল শেষ সিরিজটা নয়, গত আট মাস ধরে আমরা ভালো ক্রিকেট খেলছি। শুধু ওয়ানডেতে নয়, টেস্টেও ভালো ক্রিকেট খেলছি। গত কয়েক মাসে তিনটি টেস্ট জিতেছি।”
গত বছরের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে টেস্ট জেতার পর থেকেই বদলে গেছে বাংলাদেশ দল। ঘরের মাঠে শেষ ছয় টেস্টের মধ্যে কেবল একটিতে হারে তারা। পাকিস্তান ও ভারতের সঙ্গে একটি করে টেস্ট ড্র করে মুশফিক বাহিনী।
“জিম্বাবুয়ের সঙ্গে জিততে তাদের ২০টা উইকেট কিন্তু আমাদের নিতে হয়েছে। তারপর পাকিস্তানের সঙ্গে ড্র করা, ভারতের সঙ্গে ড্র করা; সব মিলিয়ে গত আট মাসে আমরা ভালো ক্রিকেট খেলেছি যা আমাদের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো শুরুর আত্মবিশ্বাস দিচ্ছে।”
সতীর্থদের কাছে মুশফিকের এখন একটাই চাওয়া, “আমাদের কষ্ট করে পাঁচটা দিন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলতে হবে, যা কিনা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জও।”
