গাজীপুরে বিকাশকর্মীদের গুলি করে ‘৩ কোটি টাকা’ লুট, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক ও ডাকাতির ঘটনায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিকাশ পরিবেশকের কর্মীদের প্রাইভেট কার থামিয়ে গুলি করে ‘তিন কোটি টাকা’ লুটের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।
শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ।
গ্রেপ্তার ইমরান শেখ (২৪) গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গ্রেপ্তার অন্যজনের নাম রবিন আহম্মেদ (২২)।
ইমরান শেখের বিরুদ্ধে শ্রীপুর থানায় অস্ত্র, বিস্ফোরক, মাদক, মারামারি এবং ডাকাতির ঘটনায় সাতটি এবং রবিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদকের তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার গিয়াসনগর এলাকা থেকে ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (চন্না পাড়া আশ্রয়ণ প্রকল্প) থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে লুটের ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
শনিবার তাদেরকে ডাকাতি ও অস্ত্র মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক হাসমত উল্লাহ।
এর আগে ৯ অক্টোবর সন্ধ্যা সোয়া ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় প্রাইভেট কার থামিয়ে বিকাশ ম্যানেজার হিমেল আহমেদকে (৩৫) গুলি করে তিন কোটি টাকা নিয়ে যায় একদল লোক।
সেই সময় প্রাইভেট কারে থাকা ম্যানেজারের দুই সহকর্মী ও চালকসহ তিনজনকে মারধর করা হয়। তারা বিকাশের মাওনা ও ময়মনসিংহের ভালুকা এরিয়ার চ্যানেল এন্টারপ্রাইজের অধীনে চাকরি করেন।
ক্রেডিট ম্যানেজার (ব্যবস্থাপক) ফাহাদ হোসেন বলেন, “ঘটনার দিন বিকাল ৪টা বা সাড়ে ৪টার দিকে আমরা তিন সহকর্মী বিকাশের নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেট কারে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেই।
“প্রাইভেট কারটি সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণপুরে পৌঁছলে পেছন থেকে ১০ থেকে ১২টি মোটরসাইকেল গাড়িটিকে ঘিরে ধরে আটক করে। প্রতি মোটরসাইকেলে দুইজন করে ছিল। কিছু বুঝে উঠার আগেই প্রাইভেট কারের সামনে বসা বাম পাশের গ্লাস ভেঙে হিমেলকে গুলি করা হয়।
“এ সময় হামলাকারীরা চালকের পাশের গ্লাস ভেঙে আমাদেরকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করেন। এতে আমি ও চালক আহত হই। পরে হামলাকারী প্রাইভেট কারের পেছনে রাখা চারটি টাকার বস্তার মধ্যে তিনটি বস্তা নিয়ে শ্রীপুরের দিকে পালিয়ে যায়।”
প্রতি বস্তায় এক কোটি করে টাকা ছিল দাবি করে ফাহাদ হোসেন বলেন, ঘটনার পর তিনি প্রাইভেট কার চালিয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হিসাব বিভাগের ম্যানেজার (ব্যবস্থাপক) হিমেল আহমেদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
