গাজীপুরে গুলি করে বিকাশ এজেন্টের ‘৩ কোটি টাকা’ ছিনতাই, আহত ৩
১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল লোক প্রাইভেটকারের গতিরোধ করে গুলি চালায় বলে জানান আহতরা।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ো প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম।
আহতরা হলেন- শ্রীপুরের বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের’ অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেট কার চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ।
তাদের মধ্যে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ ও পোশাক শ্রমিকদের বেতনের চাপ থাকায় নগদ টাকার সংকটে পড়েন তারা।
তিনি বলেন, “বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সীকে’ বিকাশের ব্যালেন্স দিয়ে টাকা প্রাইভেট কারে করে আনা হচ্ছিল। পথে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্রাইভেট কারটি কর্ণপুর এলাকায় পৌঁছলে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা একদল লোক গাড়ির পথরোধ করেন।
“হামলাকারীরা চাইনিজ কুড়ালসহ দেশি অস্ত্র দিয়ে প্রাইভেট কারের গ্লাস আঘাত করেন। এ সময় একজন পিস্তল বের করে ম্যানেজারকে হিমেলকে গুলি করে। প্রাইভেট কারে তিনটি প্লাস্টিকের বস্তায় চার কোটি টাকা ছিল। সেখান থেকে দুটি বস্তা নিয়ে পালিয়ে যান তারা; যেখানে তিন কোটি টাকার মতো ছিল বলে ধারণা করা হচ্ছে।”
ওসি শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
