নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ’, দম্পতি গ্রেপ্তার
তাদের হেফাজত থেকে ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও চেক বই জব্দ করা হয়।
নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের সীমা অতিক্রম করে জালিয়াতির মাধ্যমে সাড়ে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চক্রটি এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ১৬ মাসে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে অভিনব কায়দায় এই অর্থ হাতিয়ে নেয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।
শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে স্বামী-স্ত্রীকে করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড এবং চেক বই জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, ২০১৫ সালে শহিদুলের অনুকূলে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন শহিদুল।
তিনি বলেন, “শুরুতে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে প্রতি লেনদেনে দুই লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়; যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থি।
“২০২৫ সালের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট চার কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।”
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ নওগাঁ সদর মডেল থানায় মামলা করলে তদন্তে নামে পুলিশ। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শোবার ঘরের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেক বই উদ্ধার করা হয় বলে জানান তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জালিয়াতির কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশ সুপার তারিকুল ইসলামের।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, “আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ- প্রায় এক কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন।”
তবে এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি-না, তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
