ফটিকছড়িতে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ, ভাঙচুর-আগুন
“সংঘর্ষে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে,” বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।
চট্টগ্রামের ফটিকছড়িতে সরকারি দল বিএনপির সংগঠন যুবদল ও ছাত্রদলের ‘নৈরাজ্য বিরোধী’ মিছিলে হামলার পর কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে।
এ সময় একটি বাড়ি ও ১০-১২টি মোটরসাইকেল ভাংচুর করে। আগুন দেওয়া দুটি মোটরসাইকেলে।
শনিবার উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তিনজন আহত হয়েছে।
“নুরুল হাকিম নামের একজনের বাড়িতে হামলা হয়েছে বলে শুনেছি।”
স্থানীয়রা জানায়, শুক্রবার যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত।
সে দিন জুমার নামাজ চলাকালে ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে যুবলীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল হয়। মিছিলটির নেতৃত্বে ছিলেন স্থানীয় যুবলীগ নেতা নুরুল হাকিম।
ওই মিছিলের প্রতিবাদে শনিবার বিকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাল্টা মিছিলের আয়োজন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক কিপাইত নগরের এক বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানুপুর এলাকায় আওয়ামী লীগ অধ্যুষিত। বিএনপির লোকজন যখন আজ মিছিল নিয়ে নুরুল হাকিমকে ধরার উদ্দেশ্যে রওনা দেয় তখন মাইকে ‘ডাকাত পড়ার’ ঘোষণা দিয়ে যুবলীগ-ছাত্রলীগের ছেলেরা তাদের উপর হামলা চালায়।”
তিনি জানান, এ সময় ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিএনপির লোকজন আবার শক্তি সঞ্চয় করে মিছিল নিয়ে এসে নুরুল হাকিমের বাড়ি ভাংচুর করে। তখন তারা একটা মোটর সাইকেলে আগুন দেয়।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যান ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ এবং ফটিকছড়ি থানার পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নানুপুর বাজারের কাছেই ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে পাইনি।
“সংঘর্ষে আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। এছাড়া ১০-১২টি মোটর সাইকেল ভাংচুর এবং দুটি মোটর সাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।”
তিনি বলেন, “মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে যুবদল-ছাত্রদলের মিছিলে হামলা করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা।”
