চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন ও ভাংচুর, ৫ জন আটক
“প্রাথমিক ভাবে মনে হচ্ছে বৃষ্টিতে শট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে,” বলেন ইপিজেড থানার ওসি।
চট্টগ্রামে দুইটি পুলিশ বক্সে আগুন ও ভাংচুরের খবর পাওয়া গেছে।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং ও আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহুনি এলাকায় বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়ভাবে জানা যায়, রাতে এক দল যুবক নগরীর সিমেন্ট ক্রসিং পুলিশ বক্সে গিয়ে আগুন লাগিয়ে দেয়।
এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেলেও এর সত্যতা যাচাই করা যায়নি।
তবে ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের দাবি, পুলিশ বক্সে কেউ আগুন লাগায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, পুলিশ বক্স থেকে ধোঁয়া বের হতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেখানে ছুটে যান। এসময় চেয়ারে একটু আগুন ও সিলিংয়ে ধোঁয়া দেখা যায়।
তিনি বলেন, “আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে মনে হচ্ছে না। রাতে বৃষ্টি হয়েছিল। প্রাথমিক ভাবে মনে হচ্ছে বৃষ্টিতে শট সার্কিট থেকে আগুনের সৃষ্টি হয়েছে। কারণ আমাদের কোন আসবাব বা কিছু পুড়েনি। তবুও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
এদিকে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহুনী এলাকায় পুলিশ বক্সে ভাংচুর ও আগুন দেওয়ার কথা জানা গেছে।
আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী বলেন, “একদল যুবক পুলিশ বক্স ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টা করেছিল। আমরা ধাওয়া করে ঘটনাস্থল ও আশেপাশে থেকে পাঁচ জনকে আটক করেছি।”
এর আগে মঙ্গলবার গভীর রাতে নগরীর মুরাদপুর এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
