২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টেও দাপুটে ক্রিকেটের স্বপ্ন অধিনায়কের

ওয়ানডের বাংলাদেশ আর টেস্টের বাংলাদেশ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। ওয়ানডেতে নিয়মিত সাফল্য পাচ্ছে টাইগাররা, আর টেস্টে নিয়মিত সাফল্য দূরের কথা সহসা খেলার সুযোগই মেলে না। লম্বা বিরতির পর যাও একটু সুযোগ মেলে সে সময় মান বাঁচাতেই লড়তে হয় তাদের। নিয়মিত জয় না হোক আপাতত দাপুটে ক্রিকেট খেলে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে চান বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2015, 03:57 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

ওয়ানডেতে নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে বাংলাদেশ। জিম্বাবুয়ে, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টানা চার সিরিজে হারায় তারা। এই চার সিরিজে পাওয়া ১২টি জয়ই ছিল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া।
 
ওয়ানডে বা টেস্টে বিশেষজ্ঞ ক্রিকেটার নেই বাংলাদেশের। প্রায় একই দল নিয়ে সব ধরনের ক্রিকেটে খেলতে হয় তাদের। তাই এক ধরনের ক্রিকেটে ভালো খেলার কিছুটা প্রভাব পড়ছে অন্য ফরম্যাটেও।
 
মুশফিকদের সর্বশেষ তিনটি টেস্ট সিরিজে মিলেছে উন্নতির ইঙ্গিত। শেষ ৬ টেস্টের তিনটিতে জয়, দুটি ড্র আর একটি হার; রেকর্ড খুব একটা খারাপ নয়। এই পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে অধিনায়ককে।
 
টেস্টেও যে ভক্তদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে বুঝতে পারছেন অধিনায়ক, “ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ যেভাবে উন্নতি করছে তাতে স্বাভাবিকভাবেই সবার প্রত্যাশা অন্যরকম। সবাই চায় যে টেস্টেও বাংলাদেশ যেন আরও ভালো করে।” 
 
মঙ্গলবার থেকে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে গত আট মাসের ভালো খেলার ধারাবাহিকতা দেখতে চান মুশফিক।
 
“গত আট মাস যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে আমাদের ভালো করার সম্ভাবনা খুব বেশি থাকবে। আমরা জানি, সবাই চায় নিয়মিত না জিতলেও আমরা যেন ধারাবাহিক ভালো ক্রিকেট খেলি। আমরা যেন পাঁচ দিন দাপুটে ক্রিকেট খেলতে পারি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলা গেলে সম্ভবও।”