বোলারদের কাছে মুশফিকের চাওয়া
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলের বোলারদের কাছে অধিনায়কের চাওয়া, সবাই যেন নিজের ভূমিকাটা ঠিকঠাক পালন করে। একটা স্পেল খারাপ করলেও পরের স্পেলে যেন ভালোভাবে ফিরে আসে।
বাংলাদেশের সবশেষ দুটি টেস্ট সিরিজ শেষেই বোলারদের নিয়ে হতাশা জানিয়েছিলেন মুশফিকুর রহিম। ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টের পর তো একরকম কাঠগড়াতেই দাঁড় করিয়েছিলেন বোলারদের। বলেছিলেন, বোলাররা এলোমেলো বোলিং করলে সেটির প্রভাব পড়ে গোটা দলের শরীরী ভাষায়; অধিনায়কের জন্য ফিল্ডিং সাজানোও হয়ে পড়ে কঠিন।
সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সেই সমালোচনার প্রসঙ্গ উঠতেই নিজের কথার ব্যাখ্যা দিলেন মুশফিক।
“আসলে সমালোচনার জন্য সমালোচনা করিনি। আমি বিশ্বাস করি এর চেয়ে অনেক ভালো করার সামর্থ্য তাদের আছে। ওরা ভালো করলে আমার ব্যক্তিগতভাবে কিছু হবে না, এটা বাংলাদেশের জন্য ভালো হবে। সেটাই বোঝানোর চেষ্টা করেছি।”
“ব্যাটিংয়ে অনেক সময় খুব ভালো একটা বল পেলে কিছু করার থাকে না। কিন্তু বোলারদের ক্ষেত্রে একটা ওভার বা একটা স্পেল খারাপ করলে ফেরার সুযোগ থাকে। দ্বিতীয়বার খারাপ করলে তৃতীয়বারও সুযোগ থাকে। এই বার্তাটা তাই বোলারদের দেওয়া হয়েছে যেন ওরা বুঝতে পারে। ওদের বোঝানো হয়েছে, নিজের ভূমিকা যেন ওরা পালন করে। কার কখন উইকেট নেওয়ার বোলিং করতে হবে, কখন রান আটকাতে হবে - এসব যেন মনে থাকে সবার।”
