স্টেইন-মরকেল-ফিল্যান্ডারকে সামলাতে প্রস্তুত ব্যাটসম্যানরা
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি মানছেন চন্দিকা হাথুরুসিংহে। তবে দলের ব্যাটিং লাইনআপেও অগাধ আস্থা বাংলাদেশ কোচের।
সীমিত ওভারের বোলিং লাইন আপের চেয়ে দক্ষিণ আফ্রিকার টেস্ট বোলিং আক্রমণ অনেক বেশি অভিজ্ঞ ও শক্তিশালী। এক ডেল স্টেইনই যথেষ্ট বোলিং আক্রমণের চেহারা পাল্টে দেওয়ার জন্য। সঙ্গে যোগ হয়েছেন ভারনন ফিল্যান্ডার ও অভিষেকে ৭ উইকেট নেওয়া অফ স্পিনার সাইমন হার্মার। মরনে মরকেলও ওয়ানডের চেয়ে অনেক বেশি বিপজ্জনক টেস্টে।
সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচের কণ্ঠে ছিল প্রোটিয়া বোলিং আক্রমণের প্রতি সমীহ।
“আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ওদের বোলিং আক্রমণ। টেস্টে বিশ্বমানের বোলিং আক্রমণ ওদের। আমাদের ব্যাটসম্যানরা ওদের বোলারদের কতটা সামলাতে পারে, সেটির বড় প্রভাব থাকবে ম্যাচের ফলাফলে।”
তবে সমীহ মানেই ভড়কে যাচ্ছেন না হাথুরুসিংহে; চ্যালেঞ্জের জবাব দিতে চান চ্যালেঞ্জ দিয়েই।
“ওদের বোলিং আক্রমণ বিশ্বমানের। আমাদের ইমরুল, তামিম, মিনি (মুমিনুল) বিশ্বমানের ব্যাটসম্যান। তারপর আমাদের সাকিব ও মুশিও আছে। শীর্ষ পর্যায়ের ক্রিকেট মানেই এমন কঠিন লড়াই। খেলার শুরুতেই থাকবে মূল লড়াই।”
অধিনায়ক মুশফিকুর রহিম জানালেন, প্রোটিয়া বোলিং আক্রমণের জন্য পরিকল্পনাও সাজানো হয়েছে সেভাবেই।
“কোনো সন্দেহ নেই, ওদের বোলিং আক্রমণ দারুণ শক্তিশালী। যে কন্ডিশনেই হোক, উপমহাদেশে বা বাইরে। ওরা অভিজ্ঞ এবং বিশ্বমানের। কী কী পরিকল্পনা ওরা করতে পারে সেই অনুযায়ী আমরা হোম ওয়ার্ক করছি। তা প্রয়োগ করার চেষ্টা করব। আশা করি, প্রথম টেস্টে ভালোভাবে শুরু করতে পারব।”
