তিন পেসারকে নিয়ে কোচের ভিডিও বিশ্লেষণ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে বাংলাদেশের পেসারদের। তাদের ভালো প্রস্তুতির জন্য চট্টগ্রাম টেস্টের আগের দিন তিন পেসারকে নিয়ে ভিডিও বিশ্লেষকের সঙ্গে লম্বা সময় কাটিয়েছেন কোচ চন্দিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। তার আগের দিন ঘাম ঝরানো অনুশীলন করে দুই দলই। ঈদুল ফিতরের ছুটির জন্য গত দুই দিন অনুশীলন করেনি কোনো দলই।
সোমবার সকাল সাড়ে নয়টার দিকে মাঠে আসে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে এই দিন স্বাগতিক দলকে ব্যাটিং-বোলিং অনুশীলন করতে হয় ইনডোরে। এই সময়ে তিন পেসার রুবেল হোসেন, মোহাম্মদ শহীদ ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভিডিও বিশ্লেষণের কাজটা সেরে ফেলেন হাথুরুসিংহে।
ইনডোরে শুরুতে ব্যাট করেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান তামিম ইকবাল, ইমরুল কায়েস ও মুমিনুল হক। তারপর আসেন মিডল অর্ডারের তিন ব্যাটসম্যান সাকিব আল হাসান, অধিনায়ক মুশফিকুর রহিম ও লিটন দাস। ব্যাটিংয়ের পর অনেকটা সময় নিয়ে কিপিং অনুশীলন করেন লিটন।
মাহমুদউল্লাহ, সৌম্য সরকার ও নাসির হোসেন ব্যাটিং করেন তৃতীয় ধাপে। তাইজুল ইসলাম, জুবায়ের হোসেনদের বোলিং অনুশীলন সারতে হয় ইনডোরেই। ব্যাটিং-বোলিং অনুশীলন শেষে মাঠে গিয়ে কিছুক্ষণ ফুটবল খেলে হোটেলে ফিরে যায় বাংলাদেশ।
বেলা একটার দিকে মাঠে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা দল। বৃষ্টি না থাকায় মাঠেই অনুশীলন করে অতিথিরা। চারটি অনুশীলন পিচে ব্যাটিং-বোলিং করে টেস্টের প্রস্তুতি নেয় তারা। ডেল স্টেইন, মর্নে মরকেল, ভার্নন ফিল্যান্ডাররা অনেকটা সময় ধরে বোলিং করে সঠিক লেন্থ বুঝে নেওয়ার চেষ্টা করেন।
শেষ দুই ওয়ানডেতে ব্যাটিং ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। তাই ব্যাটসম্যানদের অনুশীলনে ছিল বাড়তি মনোযোগ। হাশিম আমলা, জেপি দুমিনি, ডিন এলগাররা প্রস্তুতি নিয়েছেন রুবেল-সাকিবদের মোকবেলার।
বৃষ্টির কারণে গত তিন-চার দিন ধরে বেশিরভাগ সময় ঢাকা থাকে সেন্টার উইকেট। তাই দুই দলেরই আগ্রহের কেন্দ্রে ছিল উইকেট। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসার সময় উইকেটের পাশে দাঁড়িয়ে লম্বা সময় ধরে কিউরেটর জাহিদ রেজা বাবুর সঙ্গে কথা বলেন মুশফিক ও হাথুরুসিংহে। সংবাদ সম্মেলন শেষে মুশফিক ফুটবল খেলতে চলে গেলেও আবার উইকেটে ফিরে যান বাংলাদেশের কোচ।
অনুশীলনের আগে দক্ষিণ আফ্রিকার কোচ, খেলোয়াড়রা দেখতে আসেন সেন্টার উইকেট। অনেকটা সময় ধরে উইকেট দেখে নিজেদের মধ্যে আলোচনা করে অনুশীলন শুরু করে তারা।
