ধোনিকে বেদির যোগ ব্যায়ামের পরামর্শ
বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর ‘ক্যাপ্টেন কুল’ মনে হচ্ছে না বিষেন সিং বেদির। মাথা ঠাণ্ডা করার জন্য ধোনিকে যোগ ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন ভারতের এই সাবেক ক্রিকেটার।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের কাছে গত রোববার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে হারে ভারত। প্রথম ম্যাচে মাশরাফিদের কাছে ধোনিরদের হারটি ছিল ৭৯ রানের। টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ খুইয়েছে অতিথি দলটি।
প্রথম ওয়ানডেতে মেজাজ হারিয়ে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দেন ধোনি। পরে ম্যাচ রেফারি ভারতের ওয়ানডে অধিনায়কের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন।
১৯ বছর বয়সী মুস্তাফিজকে ৩৩ বছর বয়সী ধোনির ধাক্কা দেওয়াটা দৃষ্টিকটু লেগেছে বেদিরও। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের এই সাবেক স্পিনার ধোনির সমালোচনা করে বলেন, “এই প্রথম তার (ধোনির) কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। এবং এটা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে, সে আর ‘ক্যাপ্টেন কুল’ নয়। তাকে এলোমেলো দেখিয়েছে।”
“এমনকি ওই বোলারের (মুস্তাফিজ) সঙ্গে যেটা হয়েছে, সেটা ধোনির কাছ থেকে অপ্রত্যাশিত। এটা তার বিশ্রামহীন মন ও শরীরের পরিষ্কার ইঙ্গিত। সম্ভবত তার যোগ ব্যায়াম করা প্রয়োজন”, যোগ করেন বেদি।
টানা দুই ম্যাচের হারের কারণে ধোনির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে বেদি সে দলে নেই, “এর (ব্যর্থতার) জন্য আমি একক কাউকে নয়, দলকেই দোষ দিব।”
