২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুস্তাফিজকে নিয়ে সাবধানী স্ট্রিক

রাতারাতি পাদপ্রদীপের আলোয় চলে আসা মুস্তাফিজুর রহমানকে নিয়ে সতর্ক হিথ স্ট্রিক। বাংলাদেশের বোলিং কোচের চাওয়া, এখনই যেন প্রত্যাশার ভার চাপিয়ে দেওয়া না হয় তরুণ বোলারের ওপর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 07:32 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ক’দিন আগে বাংলাদেশের ক্রিকেটেও খুব বেশি লোকে যাকে চিনত না, সেই মুস্তাফিজ এখন হইচই ফেলে দিয়েছেন গোটা ক্রিকেট বিশ্বে। অভিষেকে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। বোলিং কোচের বিশ্বাস, ঠিকমত যত্ন পেলে অনেক দূর যাবেন মুস্তাফিজ।

“মুস্তাফিজ এখনও অনেক তরুণ। তবে আমাদের সতর্ক থাকতে হবে। ২ ম্যাচে ১১ উইকেট পেয়েছে বটে, তবে প্রতি ম্যাচেই যেন ওর কাছে ৫ উইকেট প্রত্যাশা না করি আমরা। সম্ভাবনার প্রমাণ সে রেখেছে। এখন ওকে যদি আমরা ঠিকমত দেখভাল করতে পারি ও পাশে থাকি, আমাদের জন্য অনেক বড় এক ম্যাচ উইনার হবে সে।

স্ট্রিক জানালেন, মুস্তাফিজের বোলিং দক্ষতা বাড়াতে নেটে নিবিড়ভাবে কাজ করছেন তিনি।

“মুস্তাফিজকে নিয়ে আমি নেটে কাজ করছি। কারও সঙ্গে নিয়মিত কাজ করলে তার দক্ষতা বাড়বেই। এগুলো কোনো জাদুমন্ত্র নয়, লম্বা সময় ধরে ট্রেনিং করে গেলে দক্ষতা বাড়বেই। আমরা সেই চেষ্টাই করছি।”

তবে অতি কোচিংয়ে মুস্তাফিজকে বিভ্রান্ত না করার ব্যাপারেও সতর্ক স্ট্রিক।

“কোচ হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে যেন অতি কোচিংয়ে ওকে ভারাক্রান্ত না করা হয়। স্রেফ পথ দেখাতে হবে ওকে। কিছু প্রয়োজন হলে সাহায্য করতে হবে। ওকে ব্যবস্থাপনায় আমাদের সাবধানী হতে হবে।”