বড় হয়ে উঠেছে বাংলাদেশ: গাভাস্কার
প্রথম ওয়ানডেতে মাশরাফিদের কাছে ধোনিদের হারের পরই বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন সুনিল গাভাস্কার। দ্বিতীয় ওয়ানডেতে উত্তরসূরিদের আরেকটি হার দেখে আবারও বাংলাদেশের জন্য প্রশংসার ডালি মেলে ধরলেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার। মাশরাফিদের টানা দুই দাপুটে জয় দেখে গাভাস্কারও বিনা বাক্যে মেনে নিলেন, ক্রিকেটের আঙিনায় বাংলাদেশ আর ‘বাচ্চা’ নেই।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ওয়ানডের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৭৯ রানে হারে ভারত। আর দ্বিতীয় ওয়ানডের ৬ উইকেটের হারে মাশরাফিদের কাছে সিরিজ হারও নিশ্চিত হয় বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের।
ওয়ানডে সিরিজে ধোনিদের অসহায় আত্মসমর্পণ দেখে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বাংলাদেশকে ‘বড় দল’ বলে আখ্যা দেন, “বিশ্ব ক্রিকেটের ‘বাচ্চা’ এখন বড় হয়ে গেছে।”
বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ভারত। কিন্তু স্বাগতিক দলের মুস্তাফিজুর রহমানের পেস তোপেই নাভিশ্বাস উঠে গেছে ধোনি-কোহলিদের। বাংলাদেশের এই তরুণ পেসার দুই ম্যাচে প্রতিপক্ষের ১১ ব্যাটসম্যানকে আউট করেন।
ভারতের বোলিং লাইনআপকেও মাথা তুলে দাঁড়াতে দেননি তামিম-সাকিবরা। দুই ম্যাচে ভুবনেশ্বর-অশ্বিনদের ওপর ছড়ি ঘুরিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানেরা।
গাভাস্কার তাই বাংলাদেশের দাপুটে খেলার প্রশংসা করতে গিয়ে ধোনিদের সমালোচনাও করেন, “বেঙ্গল টাইগাররা (বাংলাদেশ) ভারতের চেয়ে শ্রেয়তর ক্রিকেট খেলেছে। ব্যাট হাতে কিছু করে দেখাতে ভারতকে লড়তে হয়েছে।”
ভারতের বিপক্ষে এই প্রথম সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সাফল্য যে মাশরাফি-সাকিবদের পাশে থাকা সমর্থকদের জন্য ‘অনেক কিছু’ বলেও মনে করেন গাভাস্কার।
