২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিটিএ সিক্সের রেডিওতে বেজে উঠল বাংলা গান ‘আজ শনিবার’

৪৪ বছর পরে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ আলোচনায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Nov 2026, 05:57 PM

Updated : 21 Nov 2026, 06:03 PM

ভাইস সিটির রাস্তায় গাড়ি ছুটছে। চালকের পছন্দমত বেজে চলেছে নানা দেশের গান। সেসব গানের মধ্যে চমকে দিয়ে বেজে উঠল বাংলা গানের কলি! তাও আবার চার দশকেরও বেশি পুরনো গান।

১৩ বছরের প্রতীক্ষার পর বৃহস্পতিবার বাজারে এসেছে গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। গেমটির একটি রেডিও স্টেশনে জায়গা পেয়েছে কলকাতার সংগীতশিল্পী রূপা বিশ্বাসের ১৯৮২ সালে প্রকাশিত গান ‘আজ শনিবার’।

রূপা বিশ্বাসের ‘ডিস্কো জ্যাজ’ অ্যালবামের এই গানটির সুরে রয়েছে ডিস্কোর ছন্দের সঙ্গে ভারতীয় সঙ্গীতের মিশেল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও দ্য ওয়াল। অ্যালবামটির সুর ও সঙ্গীত আয়োজন করেছিলেন আলি আকবর খানের ছেলে আশিস খান। বাংলা ও হিন্দি, দুই ভাষার কথাই রয়েছে অ্যালবামের গানগুলিতে।

‘আজ শনিবার’, চার দশক আগে তৈরি হওয়া সেই গানই এ বার পৌঁছে গেল বিশ্বের নানা প্রান্তের এ প্রজন্মের গেমারদের কাছে।

তবে বড় মাপের ভিডিও গেইমে ভারতীয় গানের উপস্থিতি এই প্রথম নয়। এর আগে দিল্লির ইলেকট্রনিক জুটি 'মিডিভ্যাল পণ্ডিতজ'-এর 'অ্যাটমাইজার' জায়গা পেয়েছিল ২০১০ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গেইমে। 'নিড ফর স্পিড: কার্বন' এবং 'প্রজেক্ট গোথাম রেসিং ৩'-এর মত গেইমেও ছিল তাদের গান।

‘আজ শনিবার’ গানের জন্মবৃত্তান্ত

মালদার জেলা প্রশাসক বাবার মেয়ে রূপা বড় হয়েছেন কলকাতায়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর শেষ করে ১৯৮১ সালে সপরিবারে কানাডায় ঘুরতে যান। সেখানে থাকতে পরিবারপির বড় ছেড়ে।

কানাডায় ঘরোয়া আসরে রূপর বাংলা গান ও গজল শুনে মুগ্ধ হন উপস্থিত শ্রোতারা। দুই পাকিস্তানি ছাত্রের উদ্যোগে পরদিনই ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে কনসার্টের আয়োজন হয়। সেখানে টানা তিন ঘণ্টা মঞ্চ মাতান তিনি।

দর্শকাসনে ছিলেন উস্তাদ আলাউদ্দিন খানের নাতি, প্রখ্যাত সঙ্গীতশিল্পী দুই ভাই আশিস খান ও প্রণেশ খান। ডিস্কো মিউজিক নিয়ে নতুন কিছু করার ভাবনা ছিল তাদের।

রূপার গলা শুনেই অ্যালবামের প্রস্তাব দেন তারা। যার ফসল ১৯৮২ সালে মুক্তি পাওয়া 'ডিস্কো জ্যাজ'। ভারতীয় শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের সঙ্গে পাশ্চাত্য ডিস্কো-জ্যাজের অভিনব মিশেলে হয়।

কিন্তু সময়টা ছিল নাজিয়া হাসান ও বাপ্পি লাহিড়ীর। ঝলমলে প্রচ্ছদ আর দুরন্ত সুর থাকা সত্ত্বেও হাতেগোনা কপি বিক্রি হয়েছিল অ্যালবামটির। প্রচারের অভাবে আড়ালে চলে যান রূপা।

দেশে ফেরার আগে নিজের জন্য মাত্র একটি কপি কিনেছিলেন বলে জানিয়েছেন ‘দ্য ওয়াল’কে। এরপর এরপর টেক্সটাইল ইঞ্জিনিয়ার উদয়ন সেনের সঙ্গে বিয়ে হয় তার। তারা সংসার পাতেন ইন্দোনেশিয়ায়।

পুরনো খবর:

গেইমের গণ্ডি ছাড়িয়ে নতুন কনটেন্ট অর্থনীতিতে জিটিএ সিক্স