২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ক্ষুধার্ত বাংলাদেশ দল!

বাংলাদেশের সাফল্যরথকে তীব্র গতিতে ছুটতে দেখে অবাক নন হিথ স্ট্রিক। বাংলাদেশের বোলিং কোচ বরং বলছেন, আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 08:17 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

গতবছরের অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়েকে উড়িয়ে দেওয়ার পর বিশ্বকাপ কোয়ার্টার-ফাইনালে খেলেছে বাংলাদেশ। এরপর পাকিস্তানকে হারানোর পর উঠেছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের আটে। ভারতকে হারিয়ে এখন র‌্যাঙ্কিংয়ের সাতে মাশরাফির দল। নিশ্চিত হয়েছে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।

টানা এই সাফল্যে বাংলাদেশ চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে। তবে চমকাননি হিথ স্ট্রিক।

“এটা মোটেও বিস্ময়কর নয়। বিশ্বকাপ থেকেই ভিন্ন এক বাংলাদেশ দলকে দেখা যাচ্ছে। এই দল আত্মবিশ্বাসী। বিশ্বাস করে যে, তারা টানা জিততে পারে। শুধু একটি ম্যাচ জিতেই এই দল খুশি নয়, বরং জিতে নিয়েছে সিরিজ। সম্ভব হলে জিতবে ৩-০ ব্যবধানে।”

ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে দেশের মাটিতে টানা ১০টি ওয়ানডে জিতল বাংলাদেশ। টানা সাফল্যে একটা পর্যায়ে আত্মতৃপ্তি চলে আসতে পারে। তবে এই দল আত্মতুষ্টিতে ভুগবে না, বিশ্বাস স্ট্রিকের।

“আমার তো মনে হয় না এই দল আত্মতুষ্টিতে ভুগবে। আমরা কোচিং স্টাফের সদস্যরা সেটা হতে দেব না। এই আরও সাফল্যের জন্য ক্ষুধার্ত। একের পর এক জয় তারা উপভোগ করছে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে তারা গর্বিত।”