২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ পেসারদের ওপর হিথ স্ট্রিকের আস্থা

বাংলাদেশের পেস বোলিংয়ের ভবিষ্যত নিয়ে কোনো সংশয় নেই হিথ স্ট্রিকের। এই পেস বোলিং কোচের পুরো আস্থা আছে তরুণ পেসারদের ওপর। তার বিশ্বাস, সঠিক যত্ন পেলে এই তরুণরাই ভবিষ্যতে মাশরাফি, রুবেলদের জায়গা নেবেন। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2015, 08:01 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে দারুণ অবদান পেসারদের। আর তাতে সবচেয়ে বেশি উজ্জ্বল এই সিরিজেই অভিষিক্ত তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। 
 
মাশরাফি বিন মুর্তজা ও রুবেল হোসেনের সঙ্গে তাসকিন আহমেদও এখন বাংলাদেশ দলের নিয়মিত খেলোয়াড়। এই তরুণ পেসারের অভিষেক হয় গত বছর। 
 
সোমবার হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের হিথ স্ট্রিক জানান অনেক তরুণ পেসার উঠে আসছেন, যাদের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন। 
 
“আবুল হাসান, শুভাশীষ রায়, মোহাম্মদ শহীদের মতো অনেক তরুণ পেসার উঠে আসছে। ওদের সবারই সহায়তা প্রয়োজন।”
 
গত ১ জুন থেকে হাই পারফরম্যান্স প্রোগ্রাম শুরু করেছে বিসিবি। এর অধীনে এলিট প্রোগ্রামে সারা বছর ধরে সুনির্দিষ্ট অনুশীলনের জন্য জাতীয় দলের পেসারসহ ১৮ জনকে নির্বাচিত করেছে বিসিবি।  
 
“বিসিবি আবার হাইপারফরম্যান্স প্রোগ্রাম শুরু করেছে। আশা করি, এটা অব্যাহত থাকবে। মাশরাফি, রুবেল যখন অবসরে যাবেন ততক্ষণে আমাদের পরের প্রজন্ম উঠে আসবে।”